মানবাধিকার বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে দেশের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার সঠিক প্রতিফলন হয়নি বলে মনে করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা প্রসঙ্গে ওই প্রতিবেদনে উল্লেখ করা বক্তব্য তথ্যনির্ভর নয় বলেও মত দেন তিনি।
গতকাল রোববার দুপুরে তথ্য অধিদপ্তরে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসানুল হক এসব কথা বলেন।
গত বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিবেদনে বাংলাদেশে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের কড়া সমালোচনা করা হয়। সংবাদমাধ্যমের স্বাধীনতা ও মত প্রকাশের স্বাধীনতার সংকুচিত করার বেশ কয়েকটি উদাহরণ তুলে ধরা হয়। একই সঙ্গে ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন যে আন্তর্জাতিক অঙ্গনে গ্রহণযোগ্য হয়নি, তা-ও উল্লেখ করা হয়।
মার্কিন প্রতিবেদনের এসব তথ্য খণ্ডন করে হাসানুল হক ইনু বলেন, দেশের গণমাধ্যম চাপের মুখে নেই। বাংলাদেশের সংবাদপত্র বা গণমাধ্যম স্মরণকালের সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ ও চর্চা করছে বলে মত দেন তিনি। তথ্যমন্ত্রী আরও বলেন, গণমাধ্যম স্বাধীনভাবে যা ইচ্ছা তাই প্রচার বা প্রকাশ করছে।
মার্কিন প্রতিবেদনকে দুঃখজনক উল্লেখ করে মন্ত্রী গণতন্ত্র, মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার বিষয়গুলো আরেকবার যাচাই করার অনুরোধ জানান। তিনি বলেন, বাংলাদেশে গণতন্ত্র সংকুচিত নয়। এখানে উগ্রবাদী ছাড়া সব মতের জায়গা আছে। তিনি আরও বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যা সমর্থন করে না। আইনশৃঙ্খলা বাহিনীকে বিচারবহির্ভূত কোনো হত্যার আইনগত অধিকার রাষ্ট্র দেয়নি এবং তা সমর্থন করে না। তারপরও কেউ এমন অপরাধে জড়ালে তদন্ত ও বিচার হয়। এ প্রসঙ্গে তিনি র্যা বের আট শতাধিক সদস্যের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার প্রসঙ্গ উল্লেখ করেন।