বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবাধিকার সুরক্ষার বিষয়ে চেষ্টা অব্যাহত রাখবে যুক্তরাজ্য। এক এমপির বাংলাদেশ-সংক্রান্ত প্রশ্নের লিখিত জবাবে দেশটির পররাষ্ট্র ও কমনওয়েলথ দপ্তরের প্রতিমন্ত্রী অলোক শর্মা গত মঙ্গলবার এ কথা বলেন।
অলোক শর্মা বলেন, গণগ্রেপ্তার, কথিত বন্দুকযুদ্ধে মৃত্যু এবং গুমের ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জড়িত থাকার অভিযোগ বিচার-প্রক্রিয়ার প্রতি মানুষের আস্থা নষ্ট করছে।
লেবার-দলীয় এমপি শাবানা মাহমুদ এক লিখিত প্রশ্নে জানতে চান নিখোঁজ মীর আহমদ বিন কাসেমের বিষয়ে যুক্তরাজ্য সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কোনো আলোচনা করেছে কি না।
গত মঙ্গলবার দেওয়া লিখিত জবাবে প্রতিমন্ত্রী অলোক শর্মা বলেন, ‘প্রকাশ্য কিংবা ব্যক্তিগত আলাপে আমরা বাংলাদেশ সরকারের কাছে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা এবং আইনের শাসন প্রতিষ্ঠার গুরুত্বের বিষয়টি তুলে ধরছি।’ গত ২৯ নভেম্বর বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ওই সময় তিনি বাংলাদেশ সরকারকে মানবাধিকার রক্ষার বাধ্যবাধকতাগুলো মেনে চলার জোর আহ্বান জানিয়েছেন।
অলোক শর্মা আরও বলেন, অপরাধী বা ভুক্তভোগীর পরিচয় বিবেচনায় না নিয়ে ঘটনাগুলোর সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্ত হতে হবে। তিনি বলেন, মীর আহমদ বিন কাসেম যুক্তরাজ্যের নাগরিক নন। সে কারণে যুক্তরাজ্য কূটনৈতিক সহায়তা চাইতে পারে না।
প্রসঙ্গত, মীর আহমদ বিন কাসেম মুক্তিযুদ্ধের সময়কার মানবতাবিরোধী অপরাধের দায়ে ফাঁসি হওয়া জামায়াতে ইসলামীর নেতা মীর কাসেম আলীর ছেলে। গত ৯ আগস্ট কে বা কারা তাঁকে উঠিয়ে নিয়ে যায় বলে অভিযোগ রয়েছে। এরপর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।