মানবাধিকার রক্ষায় সরকারের রাজনৈতিক সদিচ্ছা জরুরি
মানবাধিকার লঙ্ঘন হলে অবশ্যই রাষ্ট্রকে সেই দায় নিতে হবে। এর জন্য সাংবিধানিক বাধ্যবাধকতা আছে। আর মানবাধিকার রক্ষায় সরকারের রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি। গতকাল সোমবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে সর্বজনীন পর্যায়বৃত্ত পরিবীক্ষণ পদ্ধতির (ইউপিআর) দ্বিতীয় পর্যায় নিয়ে এক সেমিনারে এসব কথা বলেন বক্তারা। ১৯টি মানবাধিকার ও সামাজিক সংগঠনের জোট মানবাধিকার ফোরাম, বাংলাদেশ এই সেমিনারের আয়োজন করে। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল ইউপিআরের আওতায় ২০০৯ সাল থেকে সদস্য রাষ্ট্রগুলোর মানবাধিকার পরিস্থিতি মূল্যায়ন করে আসছে। সাড়ে চার বছর পর গত ২৯ এপ্রিল কাউন্সিলের ১৬তম অধিবেশনে দ্বিতীয়বারের মতো মানবাধিকার পরিস্থিতি পর্যালোচিত হয়। মোট ৯৬টি সদস্য রাষ্ট্র সেখানে বাংলাদেশের মানবাধিকার প্রতিবেদনের ওপর ১৯৬টি সুপারিশ করে। এর মধ্যে বাংলাদেশ ১৬৪টি গ্রহণ করে, বিবেচনায় নেয় ২৫টি আর প্রত্যাখ্যান করে সাতটি। সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সেগুলো জাতীয় পর্যায়ে কীভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে নাগরিক সমাজ ও মানবাধিকার কর্মীদের ভাবনাগুলো তুলে ধরতেই এই সেমিনারের আয়োজন করা হয়। দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী অধিবেশনে আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, সংবিধানে সব ধরনের বৈষম্যের বিরুদ্ধে বলা আছে। কিন্তু বৈষম্যের জন্য নাগরিকের সুরক্ষার ব্যবস্থা নেই। তিনি বলেন, সভ্যতার দায় থেকেই রাষ্ট্রের উচিত মানবাধিকার রক্ষা করা। দেশে মানবাধিকার লঙ্ঘন মোটেও হচ্ছে না, এ ধরনের অস্বীকার করার প্রবণতা থেকে ফিরে আসতে হবে, মন্তব্য করেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান। তিনি দুর্নীতি দমন কমিশন (দুদক), মানবাধিকার কমিশন, তথ্য কমিশনের মতো রাষ্ট্রীয় সংস্থাকে আরও কার্যকর করার আহ্বান জানান। জাতীয় মানবাধিকার কমিশনকে কার্যকর করার পেছনে রাজনৈতিক সদিচ্ছা নেই বলেও অভিযোগ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক সালাউদ্দিন এম আমিনুজ্জামান। সেমিনারে আরও বক্তব্য দেন আইন কমিশনের সদস্য শাহ আলম, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম, পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ বিষয়ক ডেস্কের মহাপরিচালক সাইদা মুনা তাসনীম, আদিবাসী নেতা সঞ্জীব দ্রং, নাগরিক উদ্যোগের নির্বাহী পরিচালক জাকির হোসেন প্রমুখ।