মানবাধিকার রক্ষায় আইনজীবীদেরও ভূমিকা রয়েছে
মানবাধিকারের লঙ্ঘনের ঘটনা ঘটলে মানবাধিকার আইনজীবীদের ভূমিকা রাখার সুযোগ থাকে। তাই মানবাধিকার লঙ্ঘনের শিকার অসহায় ও দুর্বল মানুষের পাশে দাঁড়াতে আইনজীবীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার জাতীয় মানবাধিকার কমিশন আয়োজিত কর্মশালার উদ্বোধনী পর্বে বক্তারা এ আহ্বান জানান। মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় বিনা খরচে আইনি সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন ও নিয়োগপ্রাপ্ত প্যানেল আইনজীবীর প্রশিক্ষণের জন্য ওই কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান।
উদ্বোধনী পর্বে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান ও হাইকোর্ট বিভাগের বিচারপতি এম ইনায়েতুর রহিম বলেন, মানবাধিকারের লঙ্ঘনের ঘটনা যখন ঘটে, তখন মানবাধিকার আইনজীবীদের ভূমিকা রাখার সুযোগ আছে। মানবাধিকারের আইনজীবী যাঁরা আছেন ও কাজ করতে চান, তাঁদের কমিটমেন্ট থাকতে হবে। যেকোনো ঘটনার পেছনে লেগে থাকতে হবে, অনুসন্ধানী দৃষ্টি দিয়ে তদন্ত করতে হবে। আর মানবাধিকার নিয়ে কাজ করতে গেলে আস্থা ও বিশ্বাসের জায়গা তৈরি করতে হবে; যাদের নিয়ে কাজ, তারা যাতে আস্থা রাখতে পারে। তিনি বলেন, মানবাধিকারের কাজ করা আসলেও দুরূহ। অনেক সময় চাপ আসে, ভয়ভীতি আসে। সবকিছু উপেক্ষা করে নিজেদের প্রস্তুত করতে হবে।
বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান আবদুল বাসেত মজুমদার বলেন, বিশ্বের বিভিন্ন দেশে প্রতিনিয়ত মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, বাংলাদেশও ব্যতিক্রম নয়। মানবাধিকার কমিশনের অধীনে বিভিন্ন ক্ষেত্রে মানবাধিকারের লঙ্ঘন রোধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। আইনের সহায়তা পাওয়ার সুযোগ অনেক মানুষের থাকে না, আর্থিক সক্ষমতার অভাবে। যেখানে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে সেখানে স্বতঃপ্রণোদিতভাবে উদ্যোগ নিতে হবে আইনজীবীদের।
সভাপতির বক্তব্যে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেন, মানবাধিকারের ব্যাপারে সব সময় সরকার সচেতন ছিল, তবে মানবাধিকার যে লঙ্ঘিত হচ্ছে, এটিও বাস্তব। আইনজীবীদের তিনি বলেন, আপনাদের সার্বক্ষণিকভাবে চাই। মানবাধিকার লঙ্ঘনের প্রতিটি ঘটনার ক্ষেত্রে চাই, আদালতে তো চাই-ই। যখন মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটবে, অসহায় ও দুর্বল মানুষটির পাশে গিয়ে দাঁড়াবেন। মানবাধিকারকর্মী হিসেবে তাদের সাহায্য করবেন।
কমিশনের চেয়ারম্যানের সভাপতিত্বে উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম, ইউএনডিপির হিউম্যান রাইটস প্রোগ্রামের উপদেষ্টা শরমিলা রসুল বক্তব্য দেন। সঞ্চালনায় ছিলেন কমিশনের উপপরিচালক রবিউল ইসলাম ও জনসংযোগ কর্মকর্তা ফারহানা সাঈদ।
আয়োজকেরা জানান, দেশের ৪৫টি জেলার ৯৬ জন আইনজীবী ওই কর্মশালায় অংশ নেন।