সরকারি বাহিনী বিষয়ে হাইকোর্টের রুল
মানবাধিকার লঙ্ঘন খতিয়ে দেখতে স্থায়ী টাস্কফোর্স কেন নয়?
রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো, বিশেষ করে র্যাবসহ সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতনের ঘটনা খতিয়ে দেখতে একটি স্থায়ী টাস্কফোর্স কমিটি গঠনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।
একটি রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ রুল দেন।
বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী ১২ মে রিট আবেদনটি করেন। বর্ষবরণের দিন নারী লাঞ্ছনার বিচার চাইতে গিয়ে ১০ মে ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠিপেটা ও মারধরের ঘটনার পরিপ্রেক্ষিতে এ আবেদন করা হয়।
আজ আদালতে এ আবেদনের পক্ষে শুনানি করেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির সভাপতি ফাওজিয়া করিম। সঙ্গে ছিলেন সমিতির সহসভাপতি সীমা জহুর ও ফিরোজা পারভীন। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করীম।
পরে আমাতুল করীম ‘প্রথম আলো’কে বলেন, একই সঙ্গে আদালত জানতে চেয়েছেন, দেশের মানুষের মৌলিক অধিকার রক্ষা এবং মানবাধিকারের সর্বজনীন ঘোষণা সমুন্নত রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না। সংবিধানের ৩১ এবং ৩৬ থেকে ৩৯ নম্বর অনুচ্ছেদ পর্যন্ত এসব মৌলিক অধিকারের উল্লেখ রয়েছে।
স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি), ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনারসহ পাঁচ বিবাদীকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।
ইতিমধ্যে হাইকোর্টের আরেকটি বেঞ্চ ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীদের ওপর পুলিশের লাঠিপেটা ও মারধরের ঘটনায় রুল দিয়েছেন। ১২ মে দেওয়া আদেশে হাইকোর্ট জানতে চেয়েছেন, লাঠিপেটার ওই ঘটনায় দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামী ১৪ জুনের মধ্যে আইজিপিকে এ-সংক্রান্ত প্রতিবেদন জমা দিতে হবে।
বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনা ও যৌন নিপীড়নের ঘটনা ঘটে। লাঞ্ছনাকারী ও নিপীড়কদের গ্রেপ্তার ও শাস্তি প্রদানসহ ছয় দফা দাবিতে ১০ মে দুপুরে ডিএমপি কার্যালয় ঘেরাও করতে গিয়েছিলেন ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা। তবে ডিএমপি কার্যালয়ে যাওয়ার আগেই পুলিশ তাঁদের বেধড়ক মারধর করে।