কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, কারাগারে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, তবে তুলনামূলকভাবে কম।
গত মঙ্গলবার বিকেলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান। তিনি এ-ও বলেন যে বিচারে সাজা না হওয়া পর্যন্ত কারাগারে বন্দী কাউকে অপরাধী বলা যাবে না।
ঢাকা কেন্দ্রীয় কারাগার নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে কারাগার পরিদর্শন করার কথা উল্লেখ করে রিয়াজুল হক বলেন, তিনি বন্দীদের সঙ্গে কথা বলে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছেন। এখানে কিছু সমস্যা রয়েছে। আবার ভালো সুযোগ-সুবিধাও আছে। এখানে ধারণক্ষমতা ৪ হাজার ৫৯০ জন বন্দীর। কিন্তু বর্তমানে রয়েছেন সাড়ে সাত হাজার বন্দী। প্রায় দেড় গুণ বন্দী গাদাগাদি করে থাকছেন। তিনি বলেন, ‘আমার চাকরিজীবনে বহু কারাগার দেখার সুযোগ হয়েছে। নাজিমউদ্দিন রোডের কারাগারের চাইতে এখানে অনেক ফাঁকা জায়গা। এখানে বন্দীরা গাদাগাদি করে থাকতে পারেন না। পিডব্লিউডি যখন এ কারাগার নির্মাণ করেছে, তখনই বেশ ত্রুটি ছিল। এটা দেখার দায়িত্ব ছিল সবার। আমি বিষয়টি সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানাব।’
কেন্দ্রীয় কারাগারের অবস্থা ও বন্দীদের দুঃখ-দুর্দশার বিষয়ে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, দেশের বেশির ভাগ মানুষ মুসলিম। এখানে একটি মসজিদ নির্মাণের প্রয়োজন ছিল। মসজিদ না থাকলে বন্দীরা নামাজ পড়বেন কোথায়? এখানে গ্যাসের সমস্যা রয়েছে। বন্দীদের খাবার দিতে দেরি হয়। কারাগারে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও বিশুদ্ধ পানি সরবরাহের প্রয়োজন। তিনি এসব সমস্যা সমাধানের দাবি জানিয়ে বলেন, সমস্যাগুলোর কতটুকু সমাধান হয়েছে, তা দেখতে ছয় মাস পর আবার তিনি কারাগারে পরিদর্শনে যাবেন। তিনি বলেন, যাঁরা এই কারাগার নির্মাণে অনিয়ম করেছেন, তাঁদের চাকরি থেকে বরখাস্ত করার সুপারিশ করা হবে। অতিরিক্ত আইজি (প্রিজন) কর্নেল ইকবাল হাসান বলেন, নাজিমউদ্দিন রোডের কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অনেকটাই স্বাচ্ছন্দ্য ও সুযোগ-সুবিধা রয়েছে। তবে কিছু সমস্যাও আছে। গ্যাসের অভাবে লাকড়ি দিয়ে রান্না করায় খাবার সরবরাহে সমস্যা হয়। অথচ নাজিমউদ্দিন রোডের কারাগারে এ সমস্যা ছিল না। অন্যান্য সমস্যা সমাধানের চেষ্টা চলছে।
এ সময় অন্যান্যের মধ্যে মানবাধিকার কমিশনের সদস্য নজরুল ইসলাম, জেলা সিনিয়র জজ বেগম নুরুন্নাহার ও জ্যেষ্ঠ জেল সুপার জাহাঙ্গীর কবির উপস্থিত ছিলেন।