মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার পুলিশ কমিশনারের
পুলিশি হেফাজতে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ অস্বীকার করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার এ কে এম শহীদুল হক। তিনি বলেন, রাজধানীর কোনো থানায় মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেনি।গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহ আলী থানা এলাকায় কমিউনিটি পুলিশিং সমাবেশ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশের কমিশনার এ কথা বলেন। সম্প্রতি প্রকাশিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার প্রতিবেদন-২০০৯-এ বাংলাদেশে পুলিশি হেফাজতে মানবাধিকার লঙ্ঘনের উল্লেখ এবং রমনা থানায় নির্যাতনের মাধ্যমে রিমান্ডের আসামির মৃত্যুর অভিযোগ সম্পর্কে সাংবাদিকেরা পুলিশের কমিশনারকে প্রশ্ন করেন। তিনি বলেন, থানা হেফাজতে কাউকে নির্যাতনের প্রশ্ন অবান্তর। এ ধরনের কোনো অভিযোগের সত্যতা পাওয়া গেলে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।কমিউনিটি পুলিশিং সমাবেশে পুলিশের কমিশনার মিরপুর এলাকায় মেয়েদের উত্ত্যক্ত করার কিছু অভিযোগের কথা উল্লেখ করে বলেন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যদের অন্যতম দায়িত্ব ‘ইভ টিজিং’ বন্ধ করা, সচেতনতা গড়ে তোলা। মানুষকে এ ব্যাপারে সচেতন করে তুলতে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, কিশোর অপরাধীদের নিয়েও কাজ করছেন কমিউনিটি পুলিশের সদস্যরা। ইতিমধ্যে একটি তালিকা তৈরি করা হয়েছে।সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ঢাকা-১৪ আসনের সাংসদ আসলামুল হক বলেন, কমিউনিটি পুলিশকে জনতার উপকারে কাজ করতে হলে তাদের স্বচ্ছ হতে হবে। শাহ আলী থানার দু-তিনটি এলাকায় মাদক সমস্যা রয়েছে। কমিউনিটি পুলিশ এখনো তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। আগামী এক সপ্তাহের মধ্যে ওই এলাকার মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সংশ্লিষ্ট কমিটির সদস্যদের বাদ দেওয়া হবে। তিনি অভিযোগ করেন, দারুস সালাম, শাহ আলী ও মিরপুর থানার দুর্নীতিবাজ কয়েকজন পুলিশ সদস্যের সহায়তায় মাদক ব্যবসা চলছে।কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি এম এ গনি তালুকদারের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মিরপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হানিফ, মুক্তিযোদ্ধা আগা খান মিন্টু, আবু মুসা আহমেদ প্রমুখ।