দেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমেছে। আইন ও সালিশ কেন্দ্রের ছয় মাসের মানবাধিকার লঙ্ঘনের সংখ্যাগত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে। চলতি বছরের প্রথম ছয় মাসের সঙ্গে গত বছরের ছয় মাসের সংখ্যাগত প্রতিবেদন তুলনা করে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
সংস্থাটির নির্বাহী পরিচালক শিপা হাফিজা এ বিষয়ে প্রথম আলোকে বলেন, সবাই ভাবছিলেন যে চলতি বছরের ছয় মাসে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেড়েছে। কিন্তু প্রতিবেদনে দেখা যাচ্ছে ক্রসফায়ার, শিশু নির্যাতন, রাজনৈতিক সংঘাত ইত্যাদি অনেক ক্ষেত্রেই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমেছে। হয়তো এখন রিপোর্টিংটা বেশি হচ্ছে। তাই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বেশি মনে হচ্ছে। আর গণমাধ্যম এখন সবার নাগালে। তাই এগুলো নিয়ে আলোচনাও হচ্ছে বেশি। তিনি বলেন, ‘কিন্তু এবারের প্রতিবেদন করতে গিয়ে আমরা রীতিমতো অবাক হয়েছি যে গত বছরের তুলনায় এ বছর পরিস্থিতির উন্নতি ঘটেছে।’
আটটি পত্রিকার প্রতিবেদন এবং আইন ও সালিশ কেন্দ্রের নিজস্ব সূত্র থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এ প্রতিবেদন করা হয়।
দুই বছরেরর প্রতিবেদন তুলনা করে দেখা যায়, কয়েকটি বিষয়ে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা কমলেও বেড়েছে ‘ক্রসফায়ার’-এর ঘটনা। এ বছর ছয় মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথিত ক্রসফায়ারে নিহত হয়েছেন ৯০ জন, গত বছর এ সংখ্যা ছিল ৭৯। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়ে আটকের (গ্রেপ্তার নয়) ঘটনা গত বছর ছিল ৫০টি, এ বছর ঘটেছে ৪৪টি। চলতি বছরে ৪৪ জনকে ধরে নিয়ে যাওয়ার পর ৭ জন ফেরত এসেছেন, ২ জনের লাশ উদ্ধার হয়েছে এবং ৩ জনকে পরে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সবচেয়ে বেশি কমেছে রাজনৈতিক সংঘাতের ঘটনা। গত বছর ৮১১টি রাজনৈতিক সহিংসতায় ১৫৪ জন নিহত ও ১০ হাজার জন আহত হন। এর মধ্যে কেবল ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করেই ৬৯৩টি সংঘাতে ১৪২ জন নিহত হন।
এ ছাড়া শিশু খুনের ঘটনা গত বছর ছিল ২৩৫টি, এ বছর ১৩২টি। ধর্ষণের ঘটনা গত বছর ছিল ৩০৬টি, এ বছর ২৮০টি। গত বছর ধর্ষণের পর ২০ জনকে হত্যার ঘটনা ঘটেছিল, এ বছর এই সংখ্যা ১৬। সীমান্তে গত বছর ১২ জন হত্যার শিকার হয়েছিলেন, এ বছর ৭ জন একইভাবে নিহত হন। গত বছর সংখ্যালঘু নির্যাতন, হিন্দুদের সম্পত্তি ও ঘরবাড়িতে হামলার ৬৬টি ঘটনা ঘটে। হত্যার শিকার হয়েছিলেন পাঁচজন। এ বছর একই সময়ে ২৫টি সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটেছে ২৫টি আর খুন হয়েছেন ১ জন।