মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তে কমিশন গঠন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রামে ‘মানবাধিকার লঙ্ঘনের ঘটনা’ তদন্তের জন্য একটি নিরপেক্ষ কমিশন গঠনসহ বিভিন্ন দাবি জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও সম্প্রদায়ভিত্তিক আদিবাসী ছাত্রসংগঠনগুলো।গতকাল শনিবার বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়িতে আয়োজিত কর্মসূচিতে এসব দাবি জানানো হয়।কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও আদিবাসী ছাত্রসংগঠনগুলোর পক্ষ থেকে সাত দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো—পার্বত্য চট্টগ্রামে অব্যাহত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা বন্ধ এবং সংঘটিত ঘটনা অনুসন্ধানে স্বতন্ত্র ও নিরপেক্ষ কমিশন গঠন, ভূমি বেদখল বন্ধে কার্যক্রম গ্রহণ, পার্বত্য চুক্তি অনুযায়ী আঞ্চলিক ও তিন পার্বত্য জেলা পরিষদকে ক্ষমতা অর্পণসহ কার্যকর করা, আদিবাসী উদ্বাস্তুদের নিজ নিজ জায়গায় ও পুনর্বাসিত অভিবাসীদের জীবিকার নিশ্চয়তাসহ পার্বত্য চট্টগ্রামের বাইরে পুনর্বাসন, আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান, অপারেশন উত্তরণ বন্ধ ও অস্থায়ী ক্যাম্প প্রত্যাহারের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা, অবিলম্বে পার্বত্য চুক্তির সঙ্গে পার্বত্য ভূমি কমিশন আইনের বিরোধাত্মক ধারা সংশোধন।রাঙামাটি: শহরের একটি রেস্তোরাঁয় পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও ১০টি আদিবাসী ছাত্রসংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, পার্বত্য চট্টগ্রামে প্রতিকারহীন মানবাধিকার লঙ্ঘন এবং অপরাধীদের দায়মুক্তির সংস্কৃতি চলছে।সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পার্বত্য চুক্তি-পরবর্তী সময়ে আদিবাসীদের ৬৬টি গ্রামে সাম্প্রদায়িক হামলা, দুই হাজারের বেশি ঘরবাড়িতে অগ্নিসংযোগ এবং ১৭ জন নিহত ও পাঁচ শতাধিক ব্যক্তি আহত হয়েছে।সংবাদ সম্মেলনে বলা হয়, পার্বত্য অঞ্চলের জনগণের মৌলিক স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠায় পার্বত্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির আলোকে ১৯৯৮ সালে পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ গঠনের ১৪ বছর পরও সরকার আঞ্চলিক পরিষদ কার্যবিধিমালার অনুমোদন করেনি।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির রাঙামাটি জেলা সভাপতি মংসানু চৌধুরী।সাত দফা দাবিতে সকাল ১০টা থেকে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করা হয়।খাগড়াছড়ি: সকালে খাগড়াছড়ির একটি হোটেলে পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটি ও নয়টি ছাত্রসংগঠন আয়োজিত সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পার্বত্য চুক্তি বাস্তবায়নের অগ্রগতি থেমে থাকায় পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি আরও জটিল হচ্ছে।সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও খাগড়াছড়ি নাগরিক কমিটির সভাপতি নিরাপদ তালুকদার।লিখিত বক্তব্যে বলা হয়, পার্বত্য চুক্তি মোতাবেক ভূমিবিরোধ নিষ্পত্তি কমিশন আইন ২০০১-এর ২২টি বিরোধাত্মক ধারা এখনো সংশোধন করা হয়নি।সাত দফা দাবিতে খাগড়াছড়ি সদরের চেঙ্গী স্কয়ার প্রাঙ্গণে মানববন্ধন করা হয়।বান্দরবান: সকালে বান্দরবান প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে নাগরিক কমিটি ও আটটি আদিবাসী ছাত্রসংগঠন।ঐতিহ্যবাহী পোশাক পরে মারমা, ত্রিপুরা, বম, খিয়াং, তঞ্চঙ্গ্যা, ম্রোসহ আটটি আদিবাসী ছাত্রসংগঠনের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেয়। নাগরিক কমিটির নেতৃত্বে আদিবাসী সুশীল সমাজের সদস্যরাও কর্মসূচিতে অংশ নেন।মানববন্ধন শেষে নাগরিক কমিটির জেলা আহ্বায়ক নূশৈপ্রু চৌধুরী ও চাক ছাত্র কাউন্সিলের সভাপতি বাচিং চাকের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পার্বত্য চট্টগ্রামের মূল সমস্যা ভূমি হলেও সরকার এ সমস্যা সমাধানে মোটেও আগ্রহী নয়।