মানবাধিকার লঙ্ঘনের ধারণা স্পষ্ট নয় অর্ধেক মানুষের কাছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্ধেকের বেশি মানুষের কাছে মানবাধিকার লঙ্ঘন সম্পর্কে ধারণা স্পষ্ট নয়। এক সমীক্ষায় দেখা গেছে, ৪১ শতাংশ মানুষ মানবাধিকার লঙ্ঘন ও অপরাধের মধ্যে পার্থক্য বোঝেন না বা জানেন না। আর ১৫ শতাংশ মানবাধিকার লঙ্ঘন ও অপরাধকে সমার্থক মনে করেন।
জাতীয় মানবাধিকার কমিশনের পক্ষ থেকে করানো ‘পারসেপশন, অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়র: এ ফলোআপ স্টাডি অন হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক এক সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। সমীক্ষার ফলাফল বলছে, দেশের ৬৮ শতাংশ মানুষ মানবাধিকার শব্দটির সঙ্গে পরিচিত।
জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) আর্থিক সহায়তায় গত বছরের ২১ অক্টোবর থেকে এ বছরের মার্চ পর্যন্ত কমিশনের পক্ষে সমীক্ষাটি পরিচালনা করে রিসার্চ ইভালুয়েশন অ্যাসোসিয়েটস ফর ডেভেলপমেন্ট (আরইএডি) নামের একটি গবেষণা সংস্থা। গত ২৯ এপ্রিল সমীক্ষা প্রতিবেদন চূড়ান্ত করা হলেও এখনো সেটি আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়নি। দেশের সাতটি বিভাগের ২১ জেলায় (১৯টি সমতল ও দুটি পার্বত্য এলাকা) পরিচালিত এ সমীক্ষায় ৩ হাজার ৭৪০ জন অংশ নেন। সাক্ষাৎকার ও দলীয় আলোচনার ভিত্তিতে মাঠপর্যায়ের জরিপ চালানো হয়েছে।

>‘পারসেপশন, অ্যাটিটিউড অ্যান্ড বিহেভিয়র: এ ফলোআপ স্টাডি অন হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক সমীক্ষার তথ্য

সমীক্ষা প্রতিবেদনে মানবাধিকার বিষয়ে মানুষের সচেতনতা আরও বাড়ানোর সুপারিশ করা হয়েছে। এ ক্ষেত্রে জাতীয় মানবাধিকার কমিশন যে শিক্ষামূলক প্রচার চালায়, তা কার্যকর হতে পারে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে। এ ছাড়া ভবিষ্যতে রাজনৈতিক সংঘাতজনিত বিষয়, অপহরণ, বিচারবহির্ভূত হত্যাসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি, বেকার সমস্যা, দুর্নীতি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধি প্রভৃতি বিষয়ে মানবাধিকার কমিশনকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করে তার কার্যক্রম চালাতে হবে।
মানবাধিকার রক্ষা ও কমিশন: সমীক্ষা প্রতিবেদন বলছে, মানবাধিকার কীভাবে রক্ষা করা যায়, ২৭ শতাংশ মানুষ তা বলতে পারেননি। ৪০ শতাংশ বলেছেন আইনশৃঙ্খলা বাহিনী ও বিচার বিভাগ এবং ১৭ শতাংশ বলেছেন সংবিধানের মাধ্যমে মানবাধিকার রক্ষা করা সম্ভব। ১৭ শতাংশ বলেছেন জাতীয় মানবাধিকার কমিশন মানবাধিকার রক্ষা করতে পারে।
মানবাধিকার নিয়ে মানুষের ধারণা ও জাতীয় মানবাধিকার কমিশনের ভূমিকা যাচাই করতে ২০১১ সালে জাতীয় মানবাধিকার কমিশন ‘পারসেপশন, অ্যাটিটিউড অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিংস: এ বেসলাইন সার্ভে অন হিউম্যান রাইটস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি জরিপ করায়। তিন বছর আগের ওই জরিপের ধারাবাহিকতায় এবারের সমীক্ষাটি করা হয়। এতে দেখা যায়, তিন বছর আগে ৩২ শতাংশ মানুষ জাতীয় মানবাধিকার কমিশনের নাম জানতেন। এবারের জরিপে এ সংখ্যা বেড়ে প্রায় অর্ধেক (৪৫ শতাংশ) হয়েছে। গতবারের জরিপে মাত্র ১ শতাংশ বলেছিলেন, মানবাধিকার লঙ্ঘনের কোনো ঘটনা ঘটলে তারা তা কমিশনকে জানাবেন। এবার ওই সংখ্যা বেড়ে ১০ শতাংশে দাঁড়িয়েছে।
মিজানুর রহমান বলেন, ‘এই কয় বছরের মধ্যে কমিশনের পক্ষ থেকে অসাধ্যসাধন করে ফেলেছি তা বলার উপায় নেই। বাংলাদেশের আনাচে-কানাচে সবাই কমিশনের নাম শুনেছে তাও নয়। এখন পর্যন্ত অনেকেই মনে করে কমিশন সরকারি প্রতিষ্ঠান। তবে অবস্থার উন্নতি হচ্ছে।’
সমীক্ষা পরিচালনাকারী দলের অন্যতম সদস্য আইনজীবী ইউ এম হাবিবুন নেসা প্রথম আলোকে বলেন, মানবাধিকার নিয়ে মানুষের ধারণা আগের তুলনায় স্পষ্ট হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশন বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, সভা-সেমিনারের মাধ্যমে মানবাধিকার শব্দটির সঙ্গে মানুষকে পরিচিত করতে পেরেছে। যেকোনো ঘটনায় মানুষ আইনের আশ্রয় নিচ্ছে। মানুষের ধারণার ওপর ভিত্তি করে সমীক্ষাটি করা হয়েছে, তাই সার্বিক ফল ইতিবাচক বলে মনে হচ্ছে।
সমীক্ষার ফলাফলে দেখা যায়, দেশের প্রধান সমস্যা হিসেবে মানুষ রাজনৈতিক অস্থিরতাকে চিহ্নিত করেছে। শতভাগ মানুষ একে প্রধান সমস্যা হিসেবে মত দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতিকে দেশের দ্বিতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে ৬৪ শতাংশ মানুষ।
অবশ্য এ সমীক্ষা যখন চালানো হয়েছিল, তখন দেশের রাজনৈতিক পরিস্থিতি বেশ অস্থিতিশীল ছিল। হরতাল-অবরোধের মতো রাজনৈতিক কর্মসূচিতে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। বছরের প্রথম চার মাসে পেট্রলবোমায় দগ্ধ হন অন্তত ৬০ জন।