মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আলোকচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব অসহিষ্ণু হয়ে পড়েছে। দিকে দিকে ছড়িয়ে পড়েছে সংঘাত, সংঘর্ষ। প্রতিদিনই মিলছে নতুন কোনো যুদ্ধ আর মানবাধিকার লঙ্ঘনের খবর। এসবের বিরুদ্ধে জনসচেতনতা তৈরি এবং শান্তির আহ্বান জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজন করে একটি আলোকচিত্র প্রদর্শনীর।
গতকাল শুক্রবার বিকেল পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী মিলনায়তনের পায়রা চত্বরে শুরু হয় অসহিষ্ণুতা, সংঘাত, সংঘর্ষ, যুদ্ধ ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আলোকচিত্র প্রদর্শনী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. শাহীন রেজা জানান, ‘বাংলাদেশসহ বিশ্বের বেশ কিছু দেশে কাজ করছে আমাদের বিভাগের শিক্ষার্থীরা। এ প্রদর্শনীর মাধ্যমে এ বার্তাই পৌঁছে দিতে চাই যে, রক্তপাত ও সংঘর্ষের মাধ্যমে পৃথিবীতে ভালো কিছু কখনোই হয়নি। তাই রাষ্ট্র ও আন্তর্জাতিক অঙ্গনের সব ধরনের সমস্যার সমাধানে সংঘাতের বদলে শান্তিপূর্ণ সমাধানের পথ খুঁজে বের করতে হবে।’ প্রদর্শনীটি উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. ডালেম চন্দ্র বর্মণ।