মানবাধিকার সমুন্নত রাখতেই র‌্যাবকে প্রশিক্ষণ দেওয়া হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‌্যাব) মানবাধিকার সমুন্নত রেখে দায়িত্ব পালনের প্রশিক্ষণ দিয়েছিল ব্রিটিশ সরকার। র‌্যাব যাতে আইনসম্মতভাবে দায়িত্ব পালন করতে পারে, সে লক্ষ্য সামনে রেখেই এ সহায়তা দেওয়া হয়েছিল।ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার স্টিফেন ইভান্স গতকাল মঙ্গলবার সকালে রাজধানীতে এক অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে এ কথা বলেন। ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেস ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ (এমআরডিআই) ও ডিপ্লোমেটিক করেসপনডেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ (ডিকাব) আয়োজিত প্রশিক্ষণ কর্মশালার সনদ বিতরণ অনুষ্ঠানে এ প্রশ্নোত্তর পর্ব হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্টিফেন ইভান্স।র‌্যাবকে ব্রিটেনের সহায়তার ব্যাপারে উইকিলিকস যে তথ্য প্রকাশ করেছে, তা বাংলাদেশ-যুক্তরাজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলবে কি না—এ প্রশ্নের জবাবে ইভান্স বলেন, র‌্যাবকে মানবাধিকার বিষয়ে সংবেদনশীল করতে প্রশিক্ষণ দিয়েছিল ব্রিটেন। এ বিষয়টি নিয়ে জুলিয়ান অ্যাসাঞ্জ উইকিলিকসে যে তথ্য প্রকাশ করেছেন, তা নতুন কিছু নয়। বিচারবহির্ভূত হত্যাকাণ্ড নিয়ে দেশ-বিদেশে সমালোচিত হচ্ছে র‌্যাব। এ পরিস্থিতিতে র‌্যাবকে সহায়তার সিদ্ধান্ত কি পুনর্বিবেচনা করা হবে, এমন প্রশ্নের জবাবে ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘আগামীতে কী ধরনের সহায়তা প্রয়োজন, সেটি যাচাই করেই আমরা হাত বাড়িয়ে দেব।’ঢাকায় প্রস্তাবিত আঞ্চলিক সন্ত্রাসবাদ দমন কেন্দ্র প্রসঙ্গে জানতে চাইলে এই ব্রিটিশ কূটনীতিক বলেন, এ উদ্যোগটি বাংলাদেশ সরকারের। এখন সরকারকেই সিদ্ধান্ত নিতে হবে এ পরিকল্পনাটি তারা নিজেরাই বাস্তবায়ন করবে, নাকি আন্তর্জাতিক সহায়তা চাওয়া হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক যুক্তরাজ্য সফরকে সফল আখ্যায়িত করে তিনি জানান, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন, উপপ্রধানমন্ত্রী নিক ক্ল্যাগ ও পররাষ্ট্রমন্ত্রী উইলিয়াম হেগসহ শীর্ষ ব্রিটিশ রাজনীতিবিদদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক হয়েছে। তিনি বলেন, শেখ হাসিনা-ক্যামেরন বৈঠকের মূল আলোচনার প্রসঙ্গ ছিল বাংলাদেশের উন্নয়ন। সনদ বিতরণী অনুষ্ঠানের শুরুতে স্টিফেন ইভান্স বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকার প্রশংসা করে বলেন, ‘দেশে কী ঘটছে, তা জনগণের কাছে তুলে ধরছে এ দেশের প্রচারমাধ্যম। জলবায়ু পরিবর্তন ও উন্নয়ন প্রসঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশ। আমাদের প্রত্যাশা, বাংলাদেশের ভূমিকা আরও সম্প্রসারিত হবে আর এতে ভূমিকা রাখবেন ডিকাবের সদস্যরা।’ এরপর হয় প্রশ্নোত্তর পর্ব। এই পর্ব শেষে তিনি সম্প্রতি সাভারের হোপ সেন্টারে ‘কূটনৈতিক সাংবাদিকতা ও আন্তর্জাতিক প্রসঙ্গ’ শীর্ষক কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে সনদ বিতরণ করেন।অনুষ্ঠানটি পরিচালনা করেন বার্তা সংস্থা এপির ব্যুরোপ্রধান ফরিদ হোসেন। এতে বক্তৃতা করেন এমআরডিআইয়ের নির্বাহী পরিচালক হাসিবুর রহমান ও ডিকাবের সভাপতি রাহীদ এজাজ।