মানবাধিকারকর্মী শম্পার লাঞ্ছনাকারীদের বিচার দাবি
মানবাধিকারকর্মী শম্পা গোস্বামীকে লাঞ্ছনাকারী ও হুমকিদাতাদের বিচার চেয়েছে মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অধিকার। গতকাল বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।ঘটনার তদন্তদলের সদস্য অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের দক্ষিণ এশীয় কর্মকর্তা আব্বাস ফায়েজ বলেন, ঘটনার বিচার না হলে ধরে নিতে হবে, মানবাধিকার রক্ষায় সরকার চরমভাবে ব্যর্থ। রাষ্ট্র মানুষের নিরাপত্তা দিতে পারছে না। আব্বাস ফায়েজ বলেন, এখানে একজন ব্যক্তির (শম্পা) অধিকার লঙ্ঘনের বিষয় তুলে ধরা হলেও তিনি মানবাধিকার সংগঠনের প্রতিনিধি হয়ে কাজ করছেন। তাঁর অধিকার লঙ্ঘন মানে অনেকের অধিকার লঙ্ঘন। জাতীয় নারী নীতির আলোকে নারী অধিকারের কথা বলতে গিয়েই তাঁকে স্বার্থান্বেষী মহলের চাপের মুখে পড়তে হয়েছে, হুমকির শিকার হতে হয়েছে।ফায়েজ আরও বলেন, কয়েক বছর আগে দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কয়েকজন সাংবাদিক নিহত হওয়ার রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি। সমাজের অনিয়ম-অন্যায়ের খবর গণমাধ্যমে তুলে ধরায় জীবন দিতে হয়েছে তাঁদেরকে। অধিকারের কর্মসূচি কর্মকর্তা রুমানা আমান বলেন, একজন নারীর গণধর্ষণের ঘটনা অনুসন্ধান করতে গিয়ে শম্পা গোস্বামী নিজেই লাঞ্ছনা ও হুমকির শিকার হয়েছেন। লাঞ্ছনার ঘটনায় থানায় মামলা হওয়ায় আসামিরা তাঁকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। এখন তিনি নিরাপত্তাহীন। এ বিষয়ে স্থানীয় প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। অধিকারের প্রেসিডেন্ট ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সি আর আবরার বলেন, মানবাধিকারকর্মীরা বিভিন্ন এলাকায় স্বার্থান্বেষী মহলের তোপের মুখে পড়ছেন। এ বিষয়ে প্রশাসনের আরও সজাগ হওয়া প্রয়োজন।শম্পা গোস্বামী অধিকারের কর্মী। গত ২৩ অক্টোবর অধিকার থেকে পাঠানো কিছু কাগজপত্র সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিতে গেলে একদল যুবক তাঁকে লাঞ্ছিত করে। এ বিষয়ে থানায় মামলা হলে আসামিরা তাঁকে হুমকি দেয়। ১৫ নভেম্বর ঘটনাটি যৌথভাবে তদন্ত করেছে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও অধিকার।