মানবাধিকারকর্মীদের কাজ করা বিপজ্জনক হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবাধিকারকর্মী হামিদা হোসেন বলেছেন, বর্তমানে মানবাধিকারকর্মীদের কাজ করা বিপজ্জনক হয়ে গেছে। গুম, খুন চলছে। ২০১৩ সালে যে ১৯ জন মানুষ উধাও হয়ে গেল, সরকার এ বিষয়ে কোনো উত্তর দিচ্ছে না। এ ধরনের বিষয়ে কথা বলতে গেলে সাহস লাগে। আসকের সঙ্গে যুক্ত ব্যক্তিরা যে যেখানেই থাকুন, তাঁরা সাহস নিয়ে পরিস্থিতি মোকাবিলা করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর ছায়ানট মিলনায়তনে আইন ও সালিশ কেন্দ্রের (আসক) চার প্রতিষ্ঠাতা সদস্য—আমিনুল হক, সালমা সোবহান, কে এম সোবহান ও আবদুল খালেক স্মরণে আয়োজিত সভায় হামিদা হোসেন এ কথা বলেন। তিনি বলেন, আসকের এই চার প্রতিষ্ঠাতা সদস্য একেকজন ব্যক্তিগতভাবে সাহস দেখিয়েছেন। তাই তাঁদের কথা মনে রাখতে হবে।
প্রয়াত চার সদস্যের নাম করে বিচারপতি নিজামুল হক নাসিম বলেন, তাঁরা ছিলেন চার মহিরুহ ও পথপ্রদর্শক। এই চারজনের মধ্যে কে বেশি সৎ ছিলেন, সেই প্রতিযোগিতা হলে চারজনই প্রথম হবেন।
আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, আসক বর্তমানে সাধারণ মানুষ থেকে শুরু করে সবার কাছে আস্থা অর্জন করেছে। সব ক্ষেত্রে সফল না হলেও কোনো দ্বিধা নিয়ে কাজ করছে না এই সংগঠন। আসকের প্রয়াত চার প্রতিষ্ঠাতা সদস্য মানবাধিকারের প্রতি যে নিষ্ঠা ও সততা দেখিয়েছেন, তার কতটুকু ধারণ করে একেকজন এগিয়ে যাচ্ছেন বা যেতে পারছেন, তা মনে রাখার জন্য সবার প্রতি অনুরোধ জানান তিনি।
অনুষ্ঠানের শুরুতেই ‘ও আলোর পথযাত্রী, এ যে রাত্রি, এখানেই থেমো না...’ গানের সঙ্গে মোমবাতি জ্বালিয়ে আসকের প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতি সম্মান জানানো হয়। গান, আলোচনা, স্মৃতিচারণা, পরিবারের সদস্যদের অনুভূতি প্রকাশ, চারজনের নিজের লেখা বা তাঁদের নিয়ে প্রকাশিত লেখা পড়ে শোনানো এবং জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
নয়জন প্রতিষ্ঠাতা সদস্য নিয়ে আসক যাত্রা শুরু করে। তাঁদের মধ্যে এখন এই চারজন নেই।