সুশাসন ও সামাজিক উন্নয়নের জন্য মানবাধিকার অতি প্রয়োজনীয় বিষয়। একে ঐচ্ছিক হিসেবে দেখলে চলবে না।গতকাল শনিবার রাজধানীতে মানবাধিকার বিষয়ে এক আঞ্চলিক সেমিনারে বক্তারা এ কথা বলেন। তাঁরা মানবাধিকার প্রতিষ্ঠায় সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি—ইউএনডিপি, উন্নয়ন সহযোগী সংস্থা সিডা, সুইস এজেন্সি ফর ডেভেলপমেন্ট অ্যান্ড কো-অপারেশনের সহযোগিতায় জাতীয় মানবাধিকার কমিশন স্থানীয় একটি হোটেলে এ সেমিনারের আয়োজন করে। এতে বিভিন্ন দেশ থেকে আসা মানবাধিকার কর্মী, উন্নয়ন সংস্থার সদস্য, রাজনীতিবিদ ও আইনবিদেরা অংশ নেন। সেমিনারে বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের বিচারের প্রসঙ্গও উঠে আসে। এ প্রসঙ্গে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী শফিক আহমেদ বলেন, বর্তমান সরকার বিচারহীনতার সংস্কৃতির অবসান ঘটাতে চায়। যারা একাত্তরে যুদ্ধাপরাধ, শান্তির বিরুদ্ধে অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের বিচার করতে চায়। কাউকে রাজনৈতিক কারণে বিচারের সম্মুখীন হতে হচ্ছে না। বিচার হবে সম্পূর্ণ আন্তর্জাতিক মানের। জাতীয় মানবাধিকার কমিশনকে উদ্দেশ্য করে আইনমন্ত্রী বলেন, দেশের কারাগারে ধারণক্ষমতার চেয়ে বন্দীর সংখ্যা বেশি। এ বিষয়টি কমিশনের দেখা উচিত। তিনি বলেন, ‘ব্রিটিশ আমলের ফৌজদারি কার্যবিধির কারণে বিচারপ্রক্রিয়ায় দীর্ঘসূত্রতা তৈরি হচ্ছে। আমরা এই কার্যবিধি সংশোধনের উদ্যোগ নিয়েছি।’সেমিনারে সভাপতির বক্তব্যে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ‘আমি অনেক কারাগারে দেখেছি কয়েকটি ভারতীয় শাড়ি বা ফেনসিডিল আনার জন্য এক বছরেরও বেশি সময় কারাগারে আটক আছেন অনেকে। তাঁদের বিচারের সম্মুখীন করা হয়নি। এটা কোনো সভ্য সমাজের জন্য গ্রহণযোগ্য নয়।’বিশেষ অতিথি নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও ইউএনডিপির প্রশাসক হেলেন ক্লার্ক বলেন, জাতীয় মানবাধিকার কমিশনের একটি গুরুত্বপূর্ণ অবদান আছে। কিন্তু যথাযথ ক্ষমতা ও দক্ষতা না থাকলে তারা কাজ করতে পারবে না। তিনি বলেন, বাংলাদেশের মানবাধিকার কমিশনকে আন্তর্জাতিক মান অর্জন করতে হবে। কমিশনকে ইউএনডিপি যথাযথ সহযোগিতা দিয়ে যাবে।নিউজিল্যান্ডের জাতীয় মানবাধিকার কমিশনের প্রধান কমিশনার এবং সারা বিশ্বে জাতীয় মানবাধিকার সংগঠনগুলোর তদারককারী ফোরাম ‘ইন্টারন্যাশনাল কো-অর্ডিনেশন কমিটির (আইসিসি) চেয়ারম্যান রোসলিম নোনানও সেমিনারে বক্তব্য দেন। তিনি বলেন, জাতীয় মানবাধিকার কমিশন রাষ্ট্রের অঙ্গ, সরকারের অঙ্গ নয়। এই কমিশনকে কার্যকর হতে হলে স্বায়ত্তশাসন দরকার, সব ধরনের সরকারি প্রভাবমুক্ত হওয়া দরকার।নারী ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশে মানবাধিকার প্রতিষ্ঠার সংগ্রাম গণতন্ত্রের সংগ্রামের মতোই। মানবাধিকারের সুরক্ষা ও প্রতিষ্ঠায় মানবাধিকার কমিশন কাজ করবে বলে সবাই আশা করছে। সেমিনারে মূল প্রবন্ধে যুক্তরাজ্যের আইনজীবী জিউফ্রে রবার্টসন মানবাধিকারের ধারণা, বিচারহীনতার সংস্কৃতি, যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ ও তার বিচার প্রভৃতির ঐতিহাসিক প্রেক্ষাপট বর্ণনা করেন। তিনি বাংলাদেশের পোশাকশিল্পের কর্মীদের নিম্ন মজুরি, গৃহশ্রমিকদের দুর্দশা ও বিভিন্ন দেশে অভিবাসী শ্রমিকদের করুণ দশা নিয়েও কথা বলেন।