জাতীয় মানবাধিকার কমিশনের সার্বক্ষণিক সদস্য মো. নজরুল ইসলাম বলেছেন, ‘চলমান জঙ্গি তৎপরতা মানবাধিকারের চরম লঙ্ঘন। হলি আর্টিজান থেকে শুরু করে সিলেটের জঙ্গি হামলার ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে। সব ধরনের মানবাধিকার লঙ্ঘন বন্ধে সবাইকে একযোগে কাজ করতে হবে।’
গতকাল শনিবার শেরপুরে ‘মানবাধিকার: ধারণা ও প্রায়োগিক দিকসমূহ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম এসব কথা বলেন। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দিনব্যাপী এ কর্মশালায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মল্লিক আনোয়ার হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন শেরপুরের পুলিশ সুপার রফিকুল হাসান গনি। জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় মানবাধিকার কমিশন এ কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় প্রধান অতিথি বলেন, মানবাধিকার একটি বিস্তৃত বহুমাত্রিক বিষয়। এমন কোনো ক্ষেত্র নেই যেখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে না। কারাগার থেকে শুরু করে শিক্ষাপ্রতিষ্ঠানসহ মাতৃক্রোড়েও এখন মানবাধিকার লঙ্ঘিত হয়। তাই শিশুর প্রতি সহিংসতা, প্রতিবন্ধীর প্রতি বৈষম্য, অভিবাসীদের প্রতি প্রতারণাসহ সব মানবাধিকার লঙ্ঘন বন্ধে বা রুখে দাঁড়াতে প্রয়োজন সামাজিক সচেতনতা।
অনুষ্ঠানে মানবাধিকার কমিশনের সহকারী পরিচালক সাজ্জাদুর রহমান শিশু অধিকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের শেরপুর কার্যালয়ের জ্যেষ্ঠ ব্যবস্থাপক সজল বৈদ্য প্রতিবন্ধীর অধিকার এবং বৈদেশিক কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর সহকারী পরিচালক আলী আকবর অভিবাসী কর্মীদের অধিকার নিয়ে প্রবন্ধ পাঠ করেন।
কর্মশালায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা অঞ্জন চন্দ্র পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ টি এম জিয়াউল ইসলাম, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম রিয়াজুল হাসান, নকলার উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এ আর এম ওয়াহিদুজ্জামান, জেলা শিক্ষা কর্মকর্তা মো. সৈয়দ উদ্দিন, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আবদুল হালিম সিদ্দিকী, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা আসলাম খান, মানবাধিকারকর্মী প্রদীপ দে কৃষ্ণ প্রমুখ।