কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে গতকাল সোমবার থেকে মানবিক আইনবিষয়ক তিন দিনব্যাপী আন্তর্জাতিক সেমিনার শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন ও শরিয়াহ অনুষদের ডিনের কার্যালয়ে সকাল নয়টায় ওই অনুষদ এবং ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) যৌথ আয়োজনে এই সেমিনার শুরু হয়। আইন বিভাগের শিক্ষক আরমিন খাতুনের পরিচালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান আলী। ওই অনুষদের ডিন অধ্যাপক শাহজাহান মণ্ডলের সভাপতিত্বে সেমিনারে আন্তর্জাতিক মানবিক আইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন আইসিআরসির আইন উপদেষ্টা ও দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রতিনিধি সনোজ রাজন এবং আইসিআরসি বাংলাদেশের জ্যেষ্ঠ যোগাযোগ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি রুমানা বিনতে মাসুদ। অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন অনুষদের ডিন অধ্যাপক শাহজাহান মণ্ডল।বক্তারা যুদ্ধের সময় সংশ্লিষ্ট রাষ্ট্রগুলোকে জেনেভা কনভেনশন, আইডিএইচআরসহ বিভিন্ন মানবিক আইনের ওপর প্রণীত আন্তর্জাতিক বিভিন্ন চুক্তি ও ঘোষণা মেনে চলার ওপর গুরুত্বারোপ করেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ, আল-ফিক্হ বিভাগ, ইসলামের ইতিহাস এবং রাষ্ট্রনীতি ও লোক প্রশাসন বিভাগের শিক্ষকেরা অংশ নেন।