মানবিক কারণে সীমান্ত অতিক্রম করলে পুশব্যাক করবে না ভারত
বাংলাদেশের ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে ভারত দুই দেশের সীমান্ত এক সপ্তাহ বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেও কেউ মানবিক কারণে সীমান্ত অতিক্রম করলে তাদের পুশব্যাক না করতে দেশটির সীমান্তরক্ষী বাহিনীকে (বিএসএফ) নির্দেশ দিয়েছে। কেউ সীমান্ত অতিক্রম করলে কাছেই কোথাও তাদের থাকার ব্যবস্থা করে পরিস্থিতি বুঝে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিতে বলা হয়েছে।
সেই সঙ্গে বিএসএফকে সীমান্তে নজরদারি আরও জোরদার করতে বলেছে ভারত। একই সঙ্গে বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাড়া খেয়ে জঙ্গি কিংবা ও দুষ্কৃতকারীরা যাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করতে না পারে, সে জন্য সব গোয়েন্দা সংস্থাকে সতর্ক থাকতে বলা হয়েছে।
গত মঙ্গলবার কলকাতায় এসে বিএসএফ এবং স্থানীয় প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দিয়ে যান কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অনিল গোস্বামী। এ দিন বৈঠকে বাংলাদেশ পরিস্থিতি পর্যালোচনা করেন তিনি। একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতের এ ব্যাপারে হস্তক্ষেপের ইচ্ছা নেই। কিন্তু প্রতিবেশী দেশ হওয়ায় এক দেশের ঘটনাপ্রবাহ অন্য দেশেও প্রভাব ফেলে।
মুখপাত্র বলেন, পররাষ্ট্র মন্ত্রণালয় মনে করছে, যৌথ অভিযান থেকে বাঁচতে দুর্বৃত্তরা সীমান্ত অতিক্রমের চেষ্টা করবে। কিন্তু সব অনুপ্রবেশকারীই যে দুর্বৃত্ত নয়, সে কথাই সীমান্তরক্ষীদের মনে করিয়ে দিচ্ছে দিল্লি।