মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি আজও সমকালীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবুল মনসুর আহমদ এমনই বিরল একজন ব্যক্তিত্ব, যিনি একই সঙ্গে রাজনীতি, সাংবাদিকতা ও সাহিত্য—এই তিন ধারার সমন্বয় ঘটিয়েছিলেন আশ্চর্য নিপুণতার সঙ্গে। ব্যঙ্গ ও রঙ্গের অপূর্ব মিশেলে তাঁর রচনাগুলো পাঠকের সামনে তৎকালীন সমাজ ও রাজনৈতিক বাস্তবতার যে চিত্র হাজির করে, তা এখনো প্রাসঙ্গিক। এ অর্থে তাঁর রচনা যুগোত্তীর্ণ। আর নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তিনি আজও সমকালীন।
বাংলা সাহিত্যের প্রখ্যাত বিদ্রূপাত্মক রচয়িতা, সাংবাদিক ও রাজনীতিক আবুল মনসুর আহমদকে এভাবেই মূল্যায়ন করলেন একটি আলোচনা সভায় অংশ নেওয়া বক্তারা। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আবুল মনসুর আহমদ জন্মবার্ষিকী উদ্যাপন পরিষদ উপমহাদেশের কীর্তিমান এ পুরুষের ১১৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ওই সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী বলেন, আবুল মনসুর আহমদের সব কর্মকাণ্ডের মূল উদ্দিষ্ট ছিল মানুষের চেতনাকে জাগিয়ে তোলা, আর বৃহত্তর সমাজের কল্যাণ। তাঁর জীবন ও রচনা থেকে নতুন করে শিক্ষা নেওয়ার সময় এসেছে।
ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক ও আবুল মনসুর আহমদের ছেলে মাহ্ফুজ আনাম তাঁর বাবা সম্পর্কে জাতীয় কবি কাজী নজরুল ইসলামসহ বিভিন্ন লেখক-সাহিত্যিকের মূল্যায়ন তুলে ধরেন। আলোচনা করেন তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন, লেখকসত্তা ও ব্যক্তি আবুল মনসুর আহমদ সম্পর্কে। তিনি বলেন, ‘মর্যাদার প্রশ্নে তিনি (আবুল মনসুর আহমদ) কখনো আপস করেননি। আত্মপরিচয় ও আত্মচেতনাকে তিনি সব সময় সবকিছুর ঊর্ধ্বে রেখেছেন। যদি আপনারা ওনার লেখা পড়েন তাহলেই তাঁর প্রতি শ্রদ্ধা প্রদর্শন করা হবে।’
নাট্যব্যক্তিত্ব ম. হামিদ বলেন, ‘আমরা মূল্যবোধের সংকট নিয়ে কথা বলি। কিন্তু এটি কীভাবে তৈরি হবে, সেটা অনালোচিত থেকে যায়। আবুল মনসুর আহমদ এখানেও পথ দেখিয়েছেন।’
আলোচনা সভার সভাপতি প্রবীণ সাংবাদিক রাহাত খান তাঁকে অভিহিত করেন ‘বিচিত্রগামী’ মানুষ হিসেবে।
সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জাতীয় প্রেসক্লাবের সভাপতি মো. শফিকুর রহমান, সাংবাদিক আমানুল্লাহ কবীর, তথ্যপ্রযুক্তিবিদ মোস্তাফা জব্বার প্রমুখ।
বক্তারা নতুন প্রজন্মকে আবুল মনসুর আহমদের রচনার সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাঁর রচনা ও জীবনী পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার দাবি তোলেন।
১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ-এর সম্পাদক এবং তৎকালীন কৃষক ও নবযুগ পত্রিকায়ও কাজ করেন আবুল মনসুর আহমদ। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী এবং ১৯৫৭ সালে তদানীন্তন প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন।