
সিলেটে কলেজছাত্রী খাদিজা বেগমের ওপর হামলার ঘটনা সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কেউ মেয়েটিকে বাঁচাতে এগিয়ে গেল না। কেন মানবিক মূল্যবোধগুলো হারিয়ে গেল?
গতকাল বৃহস্পতিবার দশম জাতীয় সংসদের দ্বাদশ অধিবেশনের সমাপনী দিনে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, ‘মাঝে মাঝে কিছু ঘটনা ঘটে, যা খুবই দুঃখজনক। আমাকে অবাক করে দেয়। সিলেটে একটি মেয়েকে কীভাবে কোপানো হলো। আমার অবাক লাগল, ছবিতে দেখলাম মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে আর মোবাইলে ভিডিও তুলছে! অথচ কেউই মেয়েটিকে বাঁচাতে এগিয়ে গেল না। চেষ্টাও করল না। একটা লোক কোপাচ্ছে আর এতগুলো লোক দাঁড়িয়ে দেখছে, তাদের হাতে কি কিছুই ছিল না? তারা কি একজোট হয়ে ওই লোকটিকে ধাওয়া দিতে পারত না? মেয়েটিকে রক্ষা করতে পারত না? কেন এই মানবিক মূল্যবোধগুলো হারিয়ে গেল?’
ওই ঘটনায় পত্রপত্রিকায় প্রকাশিত খবরের প্রসঙ্গ তুলে শেখ হাসিনা বলেন, বড় বড় পত্রিকায় আসছে অমুক দল করে, তমুক দল করে। এখানে কোনো দলীয় কোন্দল ছিল বা দল হিসেবে কেউ মারতে যায়নি। কেন মারতে গেছে, সেটা তো পত্রিকায় এসেছে। পত্রিকায় এসেছে ছেলেটি প্রেম নিবেদন করেছিল, মেয়েটি প্রত্যাখ্যান করেছে। সেই জন্য সে হত্যা করতে গেছে। কিন্তু সেই জন্য কি একজন মানুষকে হত্যা করতে হবে? তিনি বলেন, ‘কিছু পত্রিকা ও কিছু লোক এটাকে দলীয় হিসেবে প্রচার করার চেষ্টা করছে। দলীয় হিসেবে আমরা তো তাদের প্রশ্রয় দিচ্ছি না। যারাই অপরাধী, সে শাস্তি পাবেই। দেশবাসীকে বলতে পারি, কে কোন দল করে আমি সেটা দেখি না। দেখবও না। যে অপরাধী সে অপরাধীই। অপরাধীর বিচার হবে।’
প্রধানমন্ত্রী আসন্ন দুর্গাপূজাসহ সাম্প্রতিক বিভিন্ন বিষয়েও কথা বলেন। সবাইকে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়ে সংসদ নেতা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। কেউ কারও যেন ক্ষতি করতে না পারে। সেভাবে লক্ষ রাখবেন।
দেশের উন্নতি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘আমরা দেশকে এগিয়ে নিচ্ছি। দেশ অর্থনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে রয়েছে। বিশ্বের অনেক আন্তর্জাতিক সংস্থা এটা স্বীকার করতে বাধ্য হচ্ছে। বিশ্বের কাছে আজকে বাংলাদেশ একটা মহাবিস্ময়। আমরা যেখানেই যাই, সবাই জিজ্ঞেস করে আপনাদের অর্থনৈতিক উন্নয়নের ম্যাজিকটা কী। জবাবে বলি, ম্যাজিক কিছুই না, ম্যাজিক হচ্ছে একটাই—আমাদের আন্তরিকতা, দেশপ্রেম ও মানুষের প্রতি ভালোবাসা।’ তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে অবশ্যই আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছাব।’
ভারত ও পাকিস্তান সম্পর্কের সাম্প্রতিক অবনতি প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘দক্ষিণ এশিয়ায় কোনো রকম সংঘাত ও উত্তেজনা হোক, সেটা আমরা কখনো চাই না। এখানকার কোনো দেশে সংঘাত হলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হব। কাজেই ভারত-পাকিস্তান দুটি দেশকেই আমি আহ্বান করব, তারা যেন সংযত আচরণ করে। কোনো রকম উত্তেজনা যেন না হয়। আমরা চাই, দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় থাকুক।’
প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। কিন্তু যুদ্ধাপরাধীদের যারা মন্ত্রী করেছে তাদেরও বিচার হওয়া উচিত।
শেখ হাসিনা বলেন, যারা মানুষকে পুড়িয়ে মেরেছে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। এদের বিচার বাংলার মাটিতে অবশ্যই হবে।
স্পিকারকে জন্মদিনের শুভেচ্ছা: স্পিকার শিরীন শারমিন চৌধুরীর জন্মদিন ছিল গতকাল। সে জন্য সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তাঁকে শুভেচ্ছা জানান। স্পিকার জবাবে প্রধানমন্ত্রীসহ সব সদস্যকে ধন্যবাদ জানান।
প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি গোপন ছিল, তাঁর বয়স কিন্তু কম, ১৯৬৭ সালে নাকি? স্পিকার হাসিমাখা মুখে বলেন, ১৯৬৬। প্রধানমন্ত্রী বলেন, ১৯৬৬ সালে তো ছয় দফা দেওয়া হয়েছিল। সেই বছরেই তাঁর জন্ম। আজ ৬ অক্টোবর।
প্রধানমন্ত্রীর বক্তব্যের পর স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনের সমাপ্তি-সংক্রান্ত রাষ্ট্রপতির ঘোষণা পাঠ করে শোনান।