মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার নিন্দা জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। সেখানে জাতিগত সংঘাতের কারণে আটকে পড়া রোহিঙ্গাদের নিরাপত্তা নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।গতকাল মঙ্গলবার ঢাকায় ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম হানার নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধিদল পররাষ্ট্র মন্ত্রণালয়ের জাতিসংঘ অনুবিভাগের মহাপরিচালকের সঙ্গে বৈঠক করে। ইইউ বলছে, ধর্মীয় সংঘাত থেকে পালিয়ে বাঁচতে রোহিঙ্গারা বাংলাদেশে আশ্রয়ের আশায় ছুটছে। অসহায় এসব মানুষকে মানবিক সাহায্য দিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করতে তারা বাংলাদেশ ও মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছে।নতুন করে রোহিঙ্গাদের আশ্রয় না দেওয়ার যে নীতি বাংলাদেশ গ্রহণ করেছে, সে অবস্থানের সঙ্গে ইইউ একমত পোষণ করেছে বলে দাবি করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা দাবি করেন, ইইউ বলেছে, রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশের অবস্থানটা তাদের কাছে বোধগম্য। এ ব্যাপারে বাংলাদেশ যে জটিলতার মুখোমুখি হচ্ছে, তাও তারা স্বীকার করেছে।বৈঠক সম্পর্কে জানতে চাইলে ঢাকায় ইইউর রাষ্ট্রদূত উইলিয়াম হানা সাংবাদিকদের বলেন, ‘আলোচনায় আমরা তিনটি বিষয় তুলে ধরেছি। প্রথমত, ইইউ রাখাইন রাজ্যে সহিংসতার নিন্দা জানায়। পাশাপাশি সহিংসতার শিকার হওয়া লোকজনের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করছে। দ্বিতীয়ত, বাংলাদেশের কক্সবাজারে এর প্রভাবের ওপর ইইউ নজর রাখছে। তৃতীয়ত, ইইউ বেসামরিক লোকজনের নিরাপত্তা নিশ্চিত করা এবং চলমান সহিংসতার শিকার হওয়া লোকজনের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করতে দুই দেশকে উৎসাহ জোগায়।এক ঘণ্টার বেশি সময় ধরে চলা বৈঠকে এ ছাড়া আর কী আলোচনা হয়েছে, তা ইইউর রাষ্ট্রদূত জানাননি। এ সম্পর্কে তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নও নেননি।বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট গিবসন, ডেনমার্কের রাষ্ট্রদূত সেন্ড ওলিং এবং সুইডেনের রাষ্ট্রদূত আনেলি লিন্ডাল কেনলি।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বৈঠকে ইউরোপের রাষ্ট্রদূতদের রোহিঙ্গাদের ব্যাপারে বাংলাদেশের অবস্থানের প্রেক্ষাপট বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। ইইউর প্রতিনিধিরা বাংলাদেশের অবস্থানের যৌক্তিকতার পক্ষে সায় দিয়েছেন। সীমিত সম্পদ ও বিপুল জনগোষ্ঠীর দেশ হয়েও দীর্ঘ তিন দশকের বেশি রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ বিপুল বোঝা টেনে চলেছে বলে তাঁরা মত দিয়েছেন। তবে সম্প্রতি রোহিঙ্গাদের নিয়ে যে মানবিক সংকট তৈরি হয়েছে, তাতে সহায়তা দিতে আগ্রহ দেখিয়েছে ইইউ। রাখাইন রাজ্যে বিভিন্ন সাহায্য সংস্থার মাধ্যমে সহযোগিতা অব্যাহত রাখার কথাও জানিয়েছেন ইইউর কূটনীতিকেরা। জানা গেছে, সাম্প্রতিক পরিস্থিতির পর মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ব্যাপারে কঠোর মনোভাব দেখানোর আভাস দিয়েছে ইইউ। কারণ, গণতন্ত্র বিকাশের স্বার্থে আর্থসামাজিক পরিস্থিতির উন্নতির পাশাপাশি বেসামরিক লোকজনের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাও জরুরি। কিন্তু বর্তমানে ধর্মীয় সংঘাত সামাজিক স্থিতিশীলতা রক্ষায় হুমকি তৈরি করেছে।