মানবেতর জীবন যাপন করছে গৃহহীন মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের বন্যাদুর্গত রামু, চকরিয়া, পেকুয়া ও সদর উপজেলার ৫০টির বেশি গ্রামের গৃহহীন ২০ হাজারের বেশি মানুষ সাত দিন ধরে মানবেতর জীবন যাপন করছে।নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জনপ্রতিনিধি বলেন, বন্যায় অন্তত ৮০ হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে। এর মধ্যে অতিদরিদ্র ৪০ হাজার মানুষ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান, সড়ক ও বেড়িবাঁধে আশ্রয় নিয়েছেন। বেড়িবাঁধ ও সড়কের ওপর আশ্রয় নেওয়া অন্তত ২০ হাজার মানুষ মানবেতর জীবন যাপন করছে। গতকাল রোববার চকরিয়া উপজেলার সুরাজপুর গ্রামে গিয়ে দেখা গেছে, একটি সড়কের পাশে তাঁবু টেনে ও ঝুপড়ি ঘর তৈরি করে বাস করছে ১০-১২টি পরিবার। সামছুন্নাহার (৪৫) নামের এক নারী বলেন, ‘সাত দিন ধরে চরম দুঃখ-কষ্টে এ সড়কের পাশে বাস করছি। চিড়া, মুড়ি, গুড় আর কলা খেয়ে কোনোমতে সময় পার করেছি। ছেলেমেয়েরা ভাতের জন্য কান্নাকাটি করছে, কিন্তু খাওয়াতে পারছি না।’ পাশের সুরাজপুর ইবতেদায়ি মাদ্রাসায় গিয়ে দেখা গেছে একই চিত্র। সরেজমিনে দেখা যায়, সুরাজপুর-মানিকপুর ইউনিয়নে কয়েক হাজার ঘরবাড়ি এখনো বন্যার পানিতে নিমজ্জিত। অসংখ্য বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গৃহহীন শত শত মানুষ ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, স্কুল-মাদ্রাসাসহ বিভিন্ন স্থানে আশ্রয় নিলেও তারা চরম খাদ্যসংকটে ভুগছেন। মানিকপুরের বেড়িবাঁধের ওপর আশ্রয় নেওয়া বৃদ্ধা নূরজাহান (৫০) বলেন, ‘পাঁচ দিন ধরে পানি, চিড়া ও গুড় খেয়ে সময় পার করছি। এ পর্যন্ত কেউ সাহায্যে এগিয়ে আসেনি।’ চকরিয়া উপজেলার গৃহহীন শত শত পরিবার সড়ক ও বেড়িবাঁধের ওপর পলিথিনের তাঁবু টাঙিয়ে অথবা ঝুপড়িঘরে মানবেতর জীবন কাটাচ্ছে। জেলা প্রশাসনের ত্রাণ ও পুনর্বাসন শাখা সূত্র জানায়, সাত দিন স্থায়ী বন্যায় জেলার ৭২টি ইউনিয়নের সাত লাখ ৫০ হাজার ৭৫০ জন মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা। বন্যায় বিধ্বস্ত হয়েছে ১৬ হাজার ১১৮টি ঘরবাড়ি। আর আংশিক ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা ৫৪ হাজার ২৮০টি। জেলা প্রশাসক মোহামঞ্চদ জয়নুল বারী বলেন, বন্যাদুর্গত এলাকার লোকজনের জন্য এ পর্যন্ত ৫০০ মেট্রিক টন চাল ও নগদ ৩০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, সড়ক ও বাঁধের পাশে আশ্রয় নেওয়া লোকজনের ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। ত্রাণসচিবের এলাকা পরিদর্শন: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এম আসলাম আলম গতকাল রামুর বন্যাদুর্গত এলাকা পরিদর্শন করেছেন।