মানবেন্দ্র লারমার স্বপ্ন পূরণের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়নের মাধ্যমে আদিবাসী নেতা মানবেন্দ্র নারায়ণ লারমার স্বপ্ন পূরণের আহ্বান জানানো হয়েছে। গত বুধবার তাঁর ২৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতারা এ আহ্বান জানান।বুধবার বেলা ১১টায় রাঙামাটি শিল্পকলা একাডেমীতে এ সভা হয়। এতে সভাপতিত্ব করেন জনসংহতি সমিতির রাঙামাটি জেলা শাখার সভাপতি গুণেন্দু বিকাশ চাকমা। সভায় সমিতির রাজনীতিবিষয়ক সম্পাদক লক্ষ্মী প্রসাদ চাকমা বলেন, প্রথম জাতীয় সংসদের সদস্য হিসেবে এম এন লারমার স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক, শোষণমুক্ত ও প্রগতিশীল বাংলাদেশ গড়ার। পার্বত্য চুক্তি বাস্তবায়নের মাধ্যমে সরকার এম এন লারমার স্বপ্নের বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যেতে পারে।সভায় পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতির সভাপতি ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য মাধবীলতা চাকমা, বাংলাদেশ আদিবাসী ফোরামের সদস্য অশ্বিনী কুমার নেওয়ার, পাহাড়ি ছাত্র পরিষদ রাঙামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক সুনির্মল দেওয়ান প্রমুখ বক্তব্য রাখেন। এর আগে দিবসটি উপলক্ষে শহরের রাজবাড়ী এলাকার শিল্পকলা একাডেমী চত্বরে অস্থায়ীভাবে তৈরি করা হয় এম এন লারমার বেদি। সেখানে জনসংহতি সমিতি, পাহাড়ি ছাত্র পরিষদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এম এন লারমা নামে বহুল পরিচিত মানবেন্দ্র নারায়ণ লারমা ১৯৮৩ সালের ১০ নভেম্বর জনসংহতি সমিতির একটি উপদলের হামলায় আটজন সহযোগীসহ নিহত হন। পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের আত্মনিয়ন্ত্রণ অধিকার প্রতিষ্ঠায় তিনি পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি গঠন করেছিলেন।