মানসম্পন্ন আলুবীজ খুঁজে পাচ্ছেন না চাষিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় আমন ধান ঘরে তোলা শুরু হয়েছে। ধান কাটার পরপরই আলু চাষের জন্য চাষিরা খেতে নেমে পড়ছেন। তবে চাষের শুরুতেই তাঁরা মানসম্পন্ন বীজ সংকটে পড়েছেন। এ সমস্যা থেকে বের হওয়ার কোনো পথ না পেয়ে চাষিরা দিশেহারা।চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, খেত তৈরির আগেই তাঁরা মানসম্পন্ন বীজ সংগ্রহ করা নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু মানসম্পন্ন বীজের নাগাল তাঁরা পাচ্ছেন না। তাঁরা এবার গ্যানোলা, ডায়মন্ড, দেশীয় জাতের লাল পাকড়ি, তেল পাকড়ি, ফাটা পাকড়ি, বট পাকড়ি ও পাহাড়ি পাকড়ি জাতের আলুবীজ সংগ্রহ করতে চাইছেন। উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলার ১৮ হাজার ৫০০ হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ জন্য ১৪ হাজার ৮০০ মেট্রিক টন আলুবীজের প্রয়োজন হবে। বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থা (বিএডিসি) থেকে পাঁচ ভাগ বীজ পাওয়া যাবে। বেসরকারি পর্যায়ে আরও পাঁচ ভাগ বীজ কৃষক সংগ্রহ করতে পারলেও বাকি ৯০ ভাগ ভালো মানের বীজ কীভাবে সংগ্রহ হবে তা এখন ভাবনার বিষয় হয়ে দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, এ উপজেলায় ৯২ হাজার মেট্রিক টন আলু ধারণক্ষমতার ১২টি হিমাগার রয়েছে। কিন্তু এসব হিমাগারে বীজআলু সংরক্ষণের আলাদা ব্যবস্থা নেই। বীজ সংরক্ষণের জন্য ২ দশমিক ৫ ডিগ্রি থেকে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আলু সংরক্ষণ করলে দ্বিগুণ আলুর ফলন ফলানো সম্ভব। তবে শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণ করলেই চলবে না, আর্দ্রতাও নিয়ন্ত্রণ করা দরকার। ৮৫ থেকে ৯০ শতাংশ আর্দ্রতায় আলুবীজ রাখতে হবে। কিন্তু দেখা যায়, হিমাগারগুলো শূন্য ডিগ্রি তাপমাত্রায় এলে বিদ্যুৎ ব্যয় কমানোর জন্য শীতলীকরণ যন্ত্র বন্ধ করে দেয়। কয়েক ঘণ্টা পর তা আবার চালু করা হয়। এতে হিমাগারের ‘কোল চেইন’ বজায় থাকে না। ফলে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এ ছাড়া বীজের জন্য রাখা আলুর বস্তা খাড়া করে রাখতে হয়। কিন্তু তা না রেখে বস্তার ওপর বস্তা চাপিয়ে দেওয়াতেও বীজের মান খারাপ হয়। এভাবে বীজআলু সংরক্ষণ করায় এসব বীজ লাগানোর পর বীজবাহিত নানা রোগে আক্রান্ত হয় খেত। এদিকে অনেক কৃষক নিজ বাড়িতে বাঁশের মাচায় বা ঘরের মাটির মেঝেতে বীজ সংরক্ষণ করেছেন। কিন্তু এতে কোনোক্রমেই বেশি ফলন আশা করা যায় না বলে কৃষিবিদেরা মনে করেন। উপজেলার ছাতুয়া গ্রামের চাষি তোজামেঞ্চল হক জানান, তিনি এবার দুই বিঘা জমির পুরোটাতেই আলুর চাষ করবেন। কিন্তু মানসম্পন্ন বীজ খুঁজে পাচ্ছেন না। শেষ পর্যন্ত তাঁকে চলতিমানের বীজ দিয়েই আলুর আবাদ করতে হবে। মোকামতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মারুফ রহমান বলেন, বীজের জন্য পৃথক হিমাগার স্থাপন করলে নির্দিষ্ট তাপমাত্রায় বীজ সংরক্ষণ করা সম্ভব। তখন কম জমিতে চাষ করে অধিক আলু উৎপাদন করতে পারতেন চাষিরা।উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, চলতিমানের বীজের সমস্যা নেই। তবে মানসম্পন্ন বীজ সংগ্রহ করাটা বেশ কঠিন। মানসম্পন্ন বীজ রোপণ করা গেলে ফলন অনেক বেশি পাবেন কৃষকেরা।