মানসম্পন্ন আলুবীজের সংকট, বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দহিলা গ্রামের আফসার আলী হিমাগারে ১১০ বস্তা আলু রেখেছিলেন। এর মধ্যে ১০০ বস্তা খাবার আলু রেখেছিলেন বিক্রির জন্য। বাকিটা ছিল বীজআলু। এসব বীজ তিনি এবার জমিতে রোপণ করতেন। কিন্তু হিমাগারে রাখা সেসব আলুতে গাছ গজিয়ে যাওয়ায় এখন তিনি দিশেহারা।আলুর দাম তো পানইনি, বীজ হিসেবে যে আলু রেখেছিলেন, সেটাও নষ্ট হয়ে গেছে। চলতি মৌসুমে আলু আবাদ করার জন্য এখন তাঁকে বীজ সংগ্রহ করে খেতে লাগাতে হবে। অথচ তাঁর হাতে কোনো পয়সাও নেই। শুধু আফসার আলী নন, তাঁর মতো অনেক কৃষক চলতি মৌসুমে আলু আবাদ করতে গিয়ে মানসম্মত বীজসংকটে পড়েছেন। ফলে আলু উৎপাদনে প্রধান এলাকা হিসেবে পরিচিত এ উপজেলায় চলতি মৌসুমে আলুর উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।উপজেলা কৃষি কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলার ১৮ হাজার হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এ জন্য ১৪ হাজার ৪০০ টন আলুবীজের প্রয়োজন। বিএডিসি থেকে যার পাঁচ ভাগ পাওয়া সম্ভব। বেসরকারি পর্যায়ে আরও পাঁচ ভাগ বীজ কৃষক সংগ্রহ করতে পারলেও বাকি ৯০ ভাগ ভালো মানের বীজ কীভাবে সংগ্রহ করা হবে, তা এখন ভাবনার বিষয় হয়ে দেখা দিয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলায় ৯০ হাজার টন আলু ধাারণক্ষমতার ১২টি হিমাগার রয়েছে। কিন্তু এসব হিমাগারে বীজআলু সংরক্ষণের আলাদা ব্যবস্থা নেই। বীজ সংরক্ষণের জন্য ২ দশমিক ৫ ডিগ্রি থেকে ৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আলু সংরক্ষণ করলে দ্বিগুণ আলুর ফলন ফলানো সম্ভব। তবে শুধু তাপমাত্রা নিয়ন্ত্রণ করলেই চলবে না, আর্দ্রতাও নিয়ন্ত্রণ করা দরকার। ৮৫ থেকে ৯০ শতাংশ আর্দ্রতায় আলুবীজ রাখতে হবে। কিন্তু দেখা যায়, হিমাগারগুলো শূন্য ডিগ্রি তাপমাত্রায় এলে বিদ্যুৎ ব্যয় কমানোর জন্য শীতলীকরণ যন্ত্র বন্ধ করে দেওয়া হয়। কয়েক ঘণ্টা পর তা আবার চালু করা হয়। এতে হিমাগারের ‘কোল চেইন’ বজায় থাকে না। ফলে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না। এ ছাড়া বীজের জন্য রাখা আলুর বস্তা খাড়া করে রাখতে হয়। কিন্তু তা না রেখে বস্তার ওপর বস্তা চাপিয়ে দেওয়ায়ও বীজের মান খারাপ হয়। এভাবে বীজআলু সংরক্ষণ করায় এসব বীজ লাগানোর পর বীজবাহিত নানা রোগে আক্রান্ত হয় জমি।উপজেলার আটমূল গ্রামের কৃষক আশরাফ আলী (৫০) বলেন, ‘আলুর মৌসুমে মানসম্পন্ন বীজ তেমন পাওয়া যায় না। হিমাগারে বীজ রাখলে তা মানসম্পন্ন না হলেও বাড়িতে রাখার চেয়ে ভালো মানের হয়। তাই ছয় বিঘা জমির জন্য হিমাগারে আলুবীজ রেখেছিলাম। কিন্তু সে বীজের অবস্থা এবার খুব খারাপ। তাই ভালো বীজের জন্য ছোটাছুটি করছি।’উপজেলা কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, যেসব আলুবীজে গাছ গজিয়ে গেছে তা না লাগানোই ভালো। মানসম্পন্ন বীজ জমিতে লাগানো গেলে ফলন অনেক বেশি পাবেন কৃষকেরা।