মানসম্পন্ন ওষুধের জন্য নজরদারি বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পাশে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান l ছবি: প্রথম আলো
গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। পাশে ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান l ছবি: প্রথম আলো

প্রয়োজনীয় ওষুধের ৯৮ শতাংশ দেশেই তৈরি হচ্ছে। ১৪০টি দেশে ওষুধ রপ্তানিও হচ্ছে। পাশাপাশি দেশের বাজারে ভেজাল ও নকল ওষুধ বিক্রি হওয়ার অভিযোগ আছে। দেশের মানুষের জন্য স্বল্পমূল্যে মানসম্পন্ন ওষুধ নিশ্চিত করতে হলে দক্ষ জনবল তৈরির পাশাপাশি বাজারে নজরদারি জোরদার করতে হবে।

গতকাল বুধবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে ‘জনস্বাস্থ্যের কল্যাণে জাতীয় ঔষধ নীতি-২০১৬’ শীর্ষক গোলটেবিল বৈঠকে সরকারি কর্মকর্তা, ওষুধশিল্প মালিক, ওষুধ বিশেষজ্ঞরা এসব কথা বলেন। সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর ও প্রথম আলো যৌথভাবে এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, যুক্তরাষ্ট্রের আইন খুব কড়া। বাংলাদেশের ওষুধের মান উন্নত বলেই যুক্তরাষ্ট্রের মতো দেশে ওষুধ রপ্তানি করা সম্ভব হচ্ছে। কিন্তু বিদেশে রপ্তানি করাই যথেষ্ট নয়। দেশের কোটি কোটি মানুষের মন জয় করা গুরুত্বপূর্ণ বিষয়। মানুষ ভালো ওষুধ পেতে চায়। নকল-ভেজাল ওষুধ বিক্রি বা মানহীন ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে বর্তমান সরকার। ইতিমধ্যে কিছু প্রতিষ্ঠান বন্ধও করে দেওয়া হয়েছে। কিন্তু আদালতে রিট করে কেউ কেউ সুবিধা নিচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ওষুধ নীতি হয়েছে। খুব শিগগির ওষুধ আইন চূড়ান্ত করে মন্ত্রিসভায় তোলা হবে। সারা দেশে মডেল ফার্মেসি করা হচ্ছে। এসব ফার্মেসি থেকে মানুষ মানসম্পন্ন ওষুধ সেবা পাবে। ঔষধ প্রশাসন অধিদপ্তর শক্তিশালী করার জন্য চাহিদামতো জনবল নিয়োগ দেওয়া হবে।

ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান বলেন, শুধু ওষুধ তৈরি নয়, ওষুধ নিয়ে গবেষণাও বাংলাদেশে শুরু হয়েছে। দেশে বর্তমানে আটটি ওষুধের ক্লিনিক্যাল ট্রায়াল চলছে। উন্নত দেশের চেয়ে তো বটেই, প্রতিবেশী দেশ ভারতের চেয়েও বাংলাদেশের ওষুধের দাম অনেক কম। শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে বাংলাদেশের বাজারে ভেজাল-নকল ওষুধ কম। তিনি বলেন, ওষুধ নীতি বাস্তবায়ন করার প্রাথমিক দায়িত্ব অধিদপ্তরের, এ কথা যেমন ঠিক তেমনি ওষুধ বিশেষজ্ঞ, ফার্মেসি কাউন্সিল, কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি এবং চিকিৎসকেরা দায়িত্ব না নিলে এই নীতি বাস্তবায়ন দুরূহ।

শুরুতে ঔষধ প্রশাসন অধিদপ্তরের পরিচালক মো. রুহুল আমিন ওষুধ নীতির মূল বিষয়গুলো উপস্থাপন করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পৃথিবীর ১৪০টি দেশে ওষুধ রপ্তানি হচ্ছে। ২০১৫ সালে ৮১২ কোটি টাকার ওষুধ রপ্তানি হয়। ২০১৬ সালে প্রায় তিন গুণ বেশি অর্থাৎ ২ হাজার ২৪৭ কোটি টাকার ওষুধ রপ্তানি হয়। ২০১৭ সালে পরিমাণ আরও বাড়বে।

দেশে বর্তমানে ২৬৭টি অ্যালোপ্যাথিক, ২৬৮টি ইউনানি, ২০৪টি আয়ুর্বেদিক, ৭৯টি হোমিওপ্যাথিক ও ৩২টি হারবাল প্রতিষ্ঠানের ওষুধ তৈরি করার নিবন্ধন আছে। আর দেশে নিবন্ধিত ফার্মেসির সংখ্যা ১ লাখ ২৩ হাজার ৮১১। বাজারে ১ হাজার ৪৫৮টি জেনেরিক ও ২৮ হাজার ৬৩টি ব্র্যান্ডের ওষুধ আছে। তিনি বলেন, ওষুধ নীতি বাস্তবায়ন শুরু হয়েছে। এ ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হচ্ছে জনবলসংকট।

জনবলের সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকার বলেন, নকল ভেজাল প্রতিরোধে নজরদারি দরকার। কিন্তু সব জেলায় অধিদপ্তরের লোক নেই। যেখানে আছে সেখানেও পর্যাপ্ত নয়।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সভাপতি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল ফার্মেসি অ্যান্ড ফার্মাকোলজি বিভাগের ইমেরিটাস অধ্যাপক এ কে আজাদ চৌধুরী বলেন, দেশের কত শতাংশ মানুষ ওষুধ সেবন করে, তার কোনো তথ্য নেই। তিনি বলেন, ‘ওষুধ নিয়ে আমাদের কোনো গবেষণা নেই। আমরা কি জীবনভর অন্যের গবেষণার ওপর নির্ভরশীল হয়ে থাকব?’ প্রতিটি হাসপাতালে ড্রাগ নিয়ন্ত্রণ কমিটি তৈরির প্রস্তাব করেন তিনি।

আলোচনায় অংশ নিয়ে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, ‘গত কয়েক বছরে ওষুধশিল্পের প্রভূত উন্নতি হয়েছে। সত্যি গর্ব করার মতো।’ তিনি বলেন, বাজারের অন্য পণ্যের সঙ্গে ওষুধের পার্থক্য আছে। ভোক্তা সচেতন হলে এ ক্ষেত্রে প্রতারণার সুযোগ কমে যাবে। ওষুধ নীতিতে অনেক ভালো বিষয় আছে।

অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। শুরুতে তিনি বলেন, দেশে প্রথম ওষুধ নীতি হয়েছিল ১৯৮২ সালে। এরপর হয়েছিল ২০০৫ সালে। ২০১৬ সালে নতুন নীতি হয়েছে। কারণ, ওষুধের সঙ্গে নতুন নতুন বিষয় যুক্ত হচ্ছে।

ফার্মেসি কাউন্সিলের সহসভাপতি মোসাদ্দেক হোসেন স্বাস্থ্যনীতি বাস্তবায়ন করার জন্য একটি টাস্কফোর্স গঠনের প্রস্তাব করেন।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক সহ–উপাচার্য অধ্যাপক রশীদ-ই-মাহবুব বলেন, ওষুধ নীতিতে নৈতিকতার বিষয়ে আপস করা হয়েছে। এটা ওষুধশিল্প নীতি হতে পারে, তবে জনবান্ধব কি না, তা নিয়ে সন্দেহ আছে।

বর্তমান ওষুধ নীতি প্রণয়ন কমিটির আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, যেসব প্রতিষ্ঠান মানসম্পন্ন ওষুধ তৈরি করবে না, তার দরকার নেই, বন্ধ করে দিতে হবে। অধিদপ্তরের যাঁরা ভালো কাজ করবেন তাঁদের পুরস্কার, খারাপ করলে তিরস্কারের ব্যবস্থা করতে হবে। খোলাবাজারে ওষুধের কাঁচামাল বিক্রি বন্ধের কার্যকর উদ্যোগ নিতে হবে। ওষুধ নীতির ব্যাপারে মানুষকে সচেতন করার উদ্যোগ নিতে হবে।

আওয়ামী লীগ–সমর্থিত চিকিৎসকদের প্রতিষ্ঠান স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি অধ্যাপক ইকবাল আর্সলান বলেন, মূল্য নির্ধারণ কমিটিতে মালিকপক্ষের প্রতিনিধি না রাখার প্রস্তাব করেছিল বিএমএ, তা গ্রহণ করা হয়নি। সব ওষুধের দাম সরকার নির্ধারণ করবে, সেই প্রস্তাবও রাখা হয়নি। তিনি বলেন, মানুষ চিকিৎসার জন্য যত খরচ করে, তার ৬৬ শতাংশ করে শুধু ওষুধের জন্য।

কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি গোলাম রহমান বলেন, সহজে পাওয়া যায়, মানসম্পন্ন এবং সহনীয় দামের এমন ওষুধ মানুষ চায়। তিনি বলেন, গ্রামে বা প্রান্তিক এলাকায় নকল ও ভেজাল ওষুধ বেশি পাওয়া যায়।

বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি অধ্যাপক মো. সহিদুল্লা বলেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারের ক্ষেত্রে সতর্ক না হলে দেশে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে।

বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির উপদেষ্টা মোমেনুল হক বলেন, ওষুধ ছাড়া দেশে আর কোনো সেক্টর নেই, যে সেক্টর চাহিদার ৯৮ শতাংশ পূরণ করে। এই সেক্টরে বাইরের কোনো প্রভাব নেই।

বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির সাধারণ সম্পাদক আবদুল হাই বলেন, নকল ভেজাল ওষুধ আকাশ থেকে পড়ে না। কেউ না কেউ তা তৈরি করে। কে তৈরি করে, সরকারকে তা বের করতে হবে। সরকার যেন সব ধরনের ওষুধের মূল্য নিজে নির্ধারণ করে।

গোলটেবিল বৈঠকে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক আবদুর রহমান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পরিচালক মো. শাহদাৎ হোসেন, বিএমএর কার্যকরী পরিষদের সদস্য জামাল উদ্দিন চৌধুরী, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মিজানুর রহমান, জনস্বাস্থ্য বিশেষজ্ঞ নিজাম উদ্দিন আহমেদ, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান এসকেএফের হেড অব মার্কেটিং বিনয় দাস, ঔষধ প্রশাসন অধিদপ্তরের উপপরিচালক নুরুল ইসলাম ও সহকারী পরিচালক মো. সালাহউদ্দিন।