মানসম্পন্ন শিক্ষার প্রসারে সবাইকে উদ্বুদ্ধ করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের সবখানেই এখন কোচিংয়ের রমরমা বাণিজ্য চলছে। সহজে নম্বর ও সনদ পাওয়ার দিকেই সবার আগ্রহ বাড়ছে। কিন্তু এভাবে সনদনির্ভর শিক্ষার কোনো মূল্য নেই। গুণগত মানসম্পন্ন শিক্ষাদান নিশ্চিত করে তার প্রসার ঘটাতে হবে। এ জন্য শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী—সবাইকে উদ্বুদ্ধ করতে হবে।গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রাম চেম্বার মিলনায়তনে ‘শিক্ষার মানোন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা: সফল প্রতিষ্ঠানের অভিজ্ঞতা পর্যালোচনা’ বিষয়ক মতবিনিময় অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের (পিপিআরসি) চট্টগ্রামভিত্তিক উদ্যোক্তা প্রতিষ্ঠান চিটাগাং রিসার্চ ইনিশিয়েটিভ।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পিপিআরসির নির্বাহী সভাপতি ও বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, এ কে খান ফাউন্ডেশনের চেয়ারম্যান সালাউদ্দিন কাশেম খান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জিন বোধি ভিক্ষু, আবুল কাসেম ও ওবায়দুল করিম, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক সুমন বড়ুয়া, স্কুল পরিদর্শক কাজী নাজমুল ইসলাম, ইস্পাহানি স্কুল ও কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম চৌধুরী, সেন্ট প্লাসিডস স্কুলের প্রধান শিক্ষক মন্ত্রজয় ত্রিপুরা।সভায় নটর ডেম কলেজের অধ্যক্ষ বেঞ্জামিন ডি কস্টার নেতৃত্বে পাঁচ সদস্যের শিক্ষক প্রতিনিধিদল তাদের সফলতার অভিজ্ঞতা তুলে ধরে। তাঁরা মনে করেন, শিক্ষার মানোন্নয়নে কেবল সরকারের মুখাপেক্ষী না হয়ে নিজেরাই অর্ধেক সমস্যার সমাধান করা যায়। শিক্ষার্থীদের ভয় দেখিয়ে নয়, ভালোবেসে উদ্বুদ্ধ করা গেলে তারা অনেক ক্ষেত্রে সংশোধন হবে; মনোযোগী হবে পড়াশোনায়। এর মাধ্যমে শিক্ষার গুণগত মানোন্নয়ন সম্ভব।