মানসম্পন্ন সেবাই স্বাস্থ্য খাতের চ্যালেঞ্জ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর শাহবাগে শোভাযাত্রার আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস্ পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ও আইসিডিডিআরবি l ছবি: প্রথম আলো
সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস উদ্‌যাপন উপলক্ষে রাজধানীর শাহবাগে শোভাযাত্রার আয়োজন করে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জেমস্ পি গ্র্যান্ট স্কুল অব পাবলিক হেলথ ও আইসিডিডিআরবি l ছবি: প্রথম আলো

দেশে স্বাস্থ্য খাতে দাতাদের ওপর নির্ভরশীলতা ধারাবাহিকভাবে কমছে। এই পরিস্থিতিতে সরকারি কর্মকর্তা ও বিশেষজ্ঞরা মনে করছেন, মানসম্পন্ন সেবা দেওয়াই এখন এই খাতের বড় চ্যালেঞ্জ।
গতকাল শনিবার রাজধানীর একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা উদ্যোগ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ অভিমত তুলে ধরেন। সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে।
সর্বশেষ অধিবেশনে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচির তথ্য উপস্থাপনের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার যুগ্ম প্রধান মো. হেলালউদ্দীন বলেন, ১৯৯৮-২০০৩ সময়কালের কর্মসূচিতে দাতাদের সহায়তা ছিল ৩৮ শতাংশ। ২০০৩-২০১১ সময়কালের কর্মসূচিতে এ সহায়তা কমে দাঁড়ায় ৩৩ শতাংশে। দুর্বল ব্যবস্থাপনা, সম্পদের অপ্রতুলতা, পেশাদারির ঘাটতি ও নীতি-নির্দেশনার অভাবকে মানসম্পন্ন সেবার পথে বাধা হিসেবে পৃথক উপস্থাপনায় উল্লেখ করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক মো. রিদওয়ানুর রহমান।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) জ্যেষ্ঠ সহযোগী গবেষক লাল বি রাওয়াল বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কাজের জন্য যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান রকেফেলার ফাউন্ডেশন ২০০৯-১০ সালে সরকারি-বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিয়েছিল। সম্প্রতি প্রতিষ্ঠানগুলোর কাজের মূল্যায়নে রকফেলার বলেছে, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার এজেন্ডা এগিয়ে নিতে সরকারের একাধিক মন্ত্রণালয়ের ধারাবাহিক নেতৃত্ব দরকার।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে সকালের অধিবেশনে দেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. আসাদুল ইসলাম।