মানসম্পন্ন সেবাই স্বাস্থ্যের চ্যালেঞ্জ
সরকারি কর্মকর্তাদের দেওয়া তথ্য বলছে, স্বাস্থ্য খাতে দাতাদের সহায়তা ধারাবাহিক ও উল্লেখযোগ্যভাবে কমেছে। তবে মানসম্পন্ন সেবা দেওয়াই এখন এই খাতের বড় চ্যালেঞ্জ। আজ শনিবার রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা উদ্যোগ’ শীর্ষক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়।
সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা দিবস উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইউনিট দিনব্যাপী এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারের সর্বশেষ অধিবেশনে স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাত কর্মসূচির তথ্য উপস্থাপনের সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিকল্পনা শাখার যুগ্ম প্রধান মো. হেলালউদ্দীন বলেন, ১৯৯৮-২০০৩ সময়কালের কর্মসূচিতে দাতাদের সহায়তা ছিল ৩৮ শতাংশ। ২০০৩-২০১১ সালের কর্মসূচিতে দাতাদের সহায়তা কমে দাঁড়ায় ৩৩ শতাংশে। সর্বশেষ স্বাস্থ্য খাত কর্মসূচিতে তা আরও কমে যায়। বর্তমান ২০১১-২০১৬ সালের কর্মসূচিতে দাতাদের সহায়তা ২২ শতাংশ। তিনি বলেন, বাংলাদেশের গ্রাম থেকে শহর পর্যন্ত নানা স্তরে ক্লিনিক ও হাসপাতাল আছে। কিন্তু এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ এসব ক্লিনিক ও হাসপাতালে মানসম্পন্ন সেবা দেওয়া।
পৃথক উপস্থাপনায় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যাপক রিদওয়ানুর রহমান বলেন, দুর্বল ব্যবস্থাপনা, সম্পদের অপ্রতুলতা, পেশাদারির ঘাটতি ও নীতি-নির্দেশনার অভাব মান সম্পন্ন সেবার পথে বাধা।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশের (আইসিডিডিআর,বি) জ্যেষ্ঠ সহযোগী গবেষক লাল বি রাওয়াল বলেন, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে কাজের জন্য যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রতিষ্ঠান ২০০৯/১০ সালে সরকারি-বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিয়েছিল। সম্প্রতি প্রতিষ্ঠানগুলোর কাজের মূল্যায়ন করেছে রকফেলার ফাউন্ডেশন। মূল্যায়নে বলা হয়েছে, সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার এজেন্ডা এগিয়ে নিতে সরকারের একাধিক মন্ত্রণালয়ের ধারাবাহিক নেতৃত্ব দরকার। এ ক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয় বা স্বাস্থ্য অধিদপ্তরের দৃঢ় তত্ত্বাবধান খুবই জরুরি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। স্বাস্থ্য সচিব সৈয়দ মনজুরুল ইসলামের সভাপতিত্বে সকালের অধিবেশনে দেশে সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচির ওপর মূল বক্তব্য উপস্থাপন করেন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের মহাপরিচালক মো. আসাদুল ইসলাম।
অনুষ্ঠানে জানানো হয় জানুয়ারি থেকে টাঙ্গাইলের তিনটি উপজেলায় (কালিহাতী, মধুপুর ও ঘাটাইল) ‘স্বাস্থ্য সুরক্ষা কর্মসূচি’ নামে একটি দিশারি স্বাস্থ্যবিমা প্রকল্পের কাজ শুরু হবে। দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষকে বিমার আওতায় স্বাস্থ্য সেবা দেওয়া হবে।