মানসম্মত আলুবীজ সরবরাহের দাবি
বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) মাধ্যমে মানসম্মত আলুবীজ সরবরাহ এবং বস্তাপ্রতি হিমাগারভাড়া ১০০ টাকা নির্ধারণসহ আট দফা দাবিতে রংপুরে মিছিল ও সমাবেশ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার নগরের প্রেসক্লাবের সামনে আলুচাষি সংগ্রাম পরিষদের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। বেলা ১১টার দিকে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন আলুচাষি সংগ্রাম পরিষদের আহ্বায়ক আনোয়ার হোসেন। আরও বক্তব্য দেন বাসদ জেলা কমিটির সদস্য পলাশ কান্তি নাগ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি আহসানুল আরেফিন, আলুচাষি মোহাম্মদ আলী প্রমুখ।
বক্তারা বলেন, আলুচাষিদের টিকিয়ে রাখার স্বার্থে তাঁদের উৎপাদিত আলু সংরক্ষণের জন্য হিমাগারের ৭০ শতাংশ স্থান সংরক্ষণ এবং বস্তাপ্রতি ভাড়া ১০০ টাকা নির্ধারণ করতে হবে। এ ছাড়া বীজ, সার, কীটনাশকের বাণিজ্য বন্ধ করে বিএডিসির মাধ্যমে এগুলো সুষ্ঠুভাবে বিপণন করতে হবে। আলুচাষিদের সহজ শর্তে ও স্বল্প সুদে ব্যাংকঋণ দিতে হবে। নইলে কৃষকের কোনো উন্নতি হবে না।
সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের মাধ্যমে কৃষিমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়।