মানসম্মত উচ্চশিক্ষা প্রদানে সব বাধা দূর করুন: রাষ্ট্রপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রপতি জিল্লুর রহমান বলেছেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে তাদের নিজেদের স্বার্থে মানসম্মত উচ্চশিক্ষা প্রদানের ক্ষেত্রে সব বাধা অপসারণ করতে হবে। রাষ্ট্রপতি গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউএলএবি) প্রথম সমাবর্তনে ভাষণদানকালে এ কথা বলেন। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয়কে জ্ঞানচর্চা ও উৎকর্ষের সর্বোচ্চ কেন্দ্রে পরিণত করতে হবে। তিনি বলেন, দেশে উচ্চশিক্ষা দানের জন্য ৫০টিরও বেশি বেসরকারি বিশ্ববিদ্যালয় চালু থাকলেও তাদের বেশ কয়েকটির শিক্ষার মান নিয়ে প্রশ্ন রয়েছে। রাষ্ট্রপতি বলেন, বেশ কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত লজিস্টিক, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, যোগ্য শিক্ষক ও প্রয়োজনীয় সরঞ্জামসমৃদ্ধ পাঠাগার নেই। তিনি উল্লেখ করেন, মানসম্মত উচ্চশিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষকে অধিক নিষ্ঠাসহকারে প্রচেষ্টা চালাতে হবে।জিল্লুর রহমান বলেন, প্রায় ১৪০০ বছর আগে এই উপমহাদেশের বিশিষ্ট পণ্ডিত শিল ভদ্র ঢাকায় জন্মগ্রহণ করেছিলেন। তিনি প্রাচীন নালন্দা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। বিখ্যাত চীন পর্যটক হিউন সাঙ তাঁর জ্ঞানের গভীরতায় মুগ্ধ হয়ে শীল ভদ্রের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন।জিল্লুর রহমান বলেন, এর ৪০০ বছর পর শ্রীজ্ঞান অতীশ দীপঙ্কর বিক্রমপুর থেকে তিব্বতে যান। সেখানে তিনি বৌদ্ধ ধর্মকে সমৃদ্ধ করেছিলেন। ওই সময়কে স্বর্ণযুগ আখ্যায়িত করে রাষ্ট্রপতি বলেন, সে যুগে পূর্ববঙ্গ ছিল কালের সূতিকাগার এবং জ্ঞান বিতরণের তীর্থ ক্ষেত্র। তিনি বলেন, ‘আমাদের দায়িত্ব হচ্ছে সেই সমৃদ্ধ ঐতিহ্যকে ফিরিয়ে আনা।’ কৃতী গ্রাজুয়েটদের স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘আজ সমাজে আদর্শ মানুষের বড়ই অভাব। তোমরাই হতে পারও সেই আদর্শ এবং অনুকরণীয় মানুষ। তোমরাই নিয়ে যেতে পারও লক্ষ প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে নতুন শিখরে।’ ইউএলএবির সমাবর্তনে বিভিন্ন বিভাগ থেকে ১৪৬ জন ছাত্রছাত্রী আন্ডারগ্রাজুয়েট ও পোস্টগ্রাজুয়েট ডিগ্রি অর্জন করেন। মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন ও এম আমিনুর রহমান অসামান্য ফলাফলের জন্য রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ণপদক গ্রহণ করেন।বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান নজরুল ইসলাম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন এবং জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল আমিরাহ হক সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন। ইউএলএবি পরিচালনা পর্ষদের সভাপতি কাজি শাহেদ আহমেদ ও উপাচার্য রফিকুল ইসলামও অনুষ্ঠানে বক্তৃতা করেন। এ ছাড়া সমাপনী বক্তৃতা করেন এম গোলাম সামদানী ডন।