মানসম্মত খাবারের জন্য পুরস্কার পাচ্ছে বিমানের ক্যাটারিং
‘এক্সিলেন্ট অন টাইম পারফরম্যান্স-২০১৬’ পুরস্কার পাচ্ছে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার (বিএফসিসি)। মানসম্মত খাবার ও কেবিন ড্রেসিংয়ের জন্য এ পুরস্কার দিচ্ছে মালয়েশিয়ান এয়ারলাইনস কর্তৃপক্ষ।
জার্মানির হামবুর্গে ৬ এপ্রিল বৃহস্পতিবার এক অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হবে। মালয়েশিয়ান এয়ারলাইনস ইন-ফ্লাইট অপারেশনস বিভাগের প্রধান রহিমা ফারজান আলী পুরস্কার পাওয়ার বিষয়টি বিএফসিসিকে জানিয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে বিমানের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিমান ছাড়াও বিএফসিসি থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা মালয়েশিয়ান এয়ারলাইনস, ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনস, ড্রাগন এয়ার এবং টার্কিশ এয়ারলাইনস খাবার নিয়ে থাকে। বিএফসিসি থেকে আরও ১১টি বিদেশি এয়ারলাইনসকে নিয়মিতভাবে কেবিন ড্রেসিং সেবা দেওয়া হয়। যাত্রীদের বিশেষায়িত খাবার চাহিদার কথা বিবেচনা করে বিএফসিসি সম্প্রতি ‘ডায়াবেটিক মিল এবং কিডস মিল’ চালু করেছে। দেশি-বিদেশি এয়ারলাইনসকে খাবার সরবরাহ করে ২০১৫-২০১৬ অর্থবছরে ১১৯ কোটি টাকা রাজস্ব আয় ও ২৮ কোটি টাকা মুনাফা করেছে বিএফসিসি।
সুইডেনের স্ক্যান্ডিনেভিয়ান এয়ার সার্ভিসেস (এসএএস) ১৯৮৯ সালে বিএফসিসি প্রতিষ্ঠা করে, যা দেশে একমাত্র আন্তর্জাতিকভাবে স্বীকৃত ফ্লাইট ক্যাটারিং সেন্টার। প্রতিষ্ঠানটির বর্তমানে জনবল ৫৮৫ জন।
