মানসম্মত পাবলিক টয়লেট নিশ্চিতে সিটি করপোরেশনের আশ্বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী আনছার আলী খান মানসম্মত পাবলিক টয়লেট নিশ্চিত করতে একটি কর্মপরিকল্পনা প্রণয়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। আজ বুধবার ১১টি সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে তিনি এসব পদক্ষেপ নেবেন বলে উল্লেখ করেন।

আজ সকালে রাজধানীর নগরভবনের সামনে বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে পরিবেশ বাঁচাও আন্দোলন (পবা), এনজিও ফোরাম ফর পাবলিক হেলথ, ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশ (ডাব্লিউবিবি) ট্রাস্টসহ ১১টি সংগঠনের যৌথ উদ্যোগে মানববন্ধন করা হয়। মানববন্ধন শেষে প্রতিনিধিরা আনছার আলী খানের সঙ্গে দেখা করতে যান। প্রতিনিধিরা সিটি করপোরেশনকে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য একটি কর্মপরিকল্পনা তৈরির কথা বলেন।

জনস্বাস্থ্যের কথা বিবেচনায় নিয়ে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, মার্কেট, অফিস, আদালত ও জনসমাগম হয়, এমন স্থানে বিনা মূল্যে পাবলিক টয়লেট নিশ্চিত করার দাবিতে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এতে নাগরিক অধিকার সংরক্ষণ ফোরামের সভাপতি হাফিজুর রহমান সভাপতিত্ব করেন। আলোচনায় অংশ নেন পবার চেয়ারম্যান আবু নাসের খান, এনজিও ফোরাম ফর পাবলিক হেলথের অ্যাডভোকেসি সেলের প্রধান যোসেফ হাওলাদার প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, টাকা দিয়ে পাবলিক টয়লেট ব্যবহার করতে হয় বলে তা অনেককেই নিরুৎসাহিত করে। কর দেওয়ার পরও পাবলিক টয়লেট ব্যবহারে টাকা দেওয়ার বিষয়টি স্থানীয় সরকারের সেবা দেওয়ার বিষয়টিকেও প্রশ্নবিদ্ধ করে। করপোরেশনকে পাবলিক টয়লেটকে আয় নয়, সেবা ও জনস্বাস্থ্য রক্ষার বিষয় হিসেবে ভাবতে হবে।