মানসম্মত শিক্ষা অর্জনে শিশুদের পাঠদক্ষতা অপরিহার্য
মানসম্মত শিক্ষা অর্জনে শিশুদের পাঠদক্ষতা ও পাঠাভ্যাস অপরিহার্য।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ‘শিশুদের বাংলা ভাষায় পাঠদক্ষতা ও পাঠাভ্যাস সমৃদ্ধিকরণ’ শীর্ষক আলোচনা সভায় কথাগুলো বলেন বক্তারা। আজ সোমবার রাজধানীতে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মিলনায়তনে বাংলাদেশে এ সভা অনুষ্ঠিত হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এবং রুম টু রিডের যৌথভাবে এ সভার আয়োজন করে।
অনুষ্ঠানের প্রধান অতিথি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মো. আবু হেনা মোস্তফা কামাল বলেন, মাতৃভাষা চর্চা যেকোনো জাতির সাফল্য অর্জনের মূলভিত্তি। তিনি সাক্ষরতা অর্জনের জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিকল্পনা তুলে ধরেন এবং সরকারের পাশাপাশি বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতার কথা বলেন।
অনুষ্ঠানের মূল আলোচক ইমেরিটাস অধ্যাপক মনজুর আহমদ একুশে ফেব্রুয়ারির পটভূমি আলোচনা করার পাশাপাশি মানসম্মত শিক্ষায় মাতৃভাষার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, জীবনমান উন্নয়ন, মানবিক বিকাশ, আত্মসচেতনতা, সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং দেশ গঠনে শিশুদের বাংলা ভাষায় পাঠদক্ষতা ও পাঠাভ্যাস অপরিহার্য।
সমাপনী বক্তব্যে রুম টু রিডের এ দেশীয় প্রধান রাখী সরকার উপস্থিত সবাইকে টেকসই উন্নয়ন বাস্তবায়নের মাধ্যমে মানসম্মত ও জীবনমান উন্নয়ন সহায়ক শিক্ষা প্রসারে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে শিশুদের জন্য প্রকাশ হওয়া ১২টি বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। বইগুলোর মধ্যে ‘বিলুর সাইকেল’, ‘সাহসী রিমা’, ‘দাদুর জন্য ভালোবাসা’, ‘রিমির লাল বই’, ‘মনের মতো বন্ধু’, ‘পুটু ও গুটু’, ‘হারানো বল’ উল্লেখযোগ্য। বিজ্ঞপ্তি