প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মো. আফছারুল আমীন বলেছেন, বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে জাতীয় চিন্তাচেতনার কেন্দ্রে নিয়ে এসেছে। প্রাথমিক পর্যায়েই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে হবে। আর এ দায়িত্ব শিক্ষকদের হাতেই। গতকাল বুধবার বিকেলে সুনামগঞ্জে প্রাথমিক শিক্ষার মান উন্নয়নবিষয়ক এক মতবিনিময়সভায় মন্ত্রী এসব কথা বলেন। শহরের শহীদ আবুল হোসেন মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা অফিস এই সভার আয়োজন করে।সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও উন্নয়ন) কামরুল হাসান খানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন সাংসদ মতিউর রহমান, সাংসদ এম এ মান্নান, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নার্গিস সাজেদা সুলতানা, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ পরিমল কান্তি দে, জেলা আওয়ামী লীগের সহসভাপতি আপ্তাব উদ্দিন, মুক্তিযোদ্ধা মতিউর রহমান প্রমুখ।এর আগে দুপুরে মন্ত্রী জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় এম এ মান্নান প্রাথমিক বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।