মানসম্মত শিক্ষা রাতারাতি সম্ভব নয়: গণশিক্ষামন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেছেন, মানসম্মত শিক্ষার কাঙ্ক্ষিত লক্ষ্য পূরণ করা যাচ্ছে না। মফস্বল এলাকায় শিক্ষার মান বেশি খারাপ। এটা রাতারাতি উন্নত করা সম্ভবও নয়।
গতকাল শনিবার রাজধানীতে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গণশিক্ষামন্ত্রী এ কথা বলেন। ওই অনুষ্ঠানে ‘ম্যাপিং আইসিটি ইন এডুকেশন ইনিশিয়েটিভস ইন বাংলাদেশ’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে সরকার, দেশি-বিদেশি এনজিও এবং ব্যক্তি খাতের শিক্ষাপ্রতিষ্ঠানে তথ্য-প্রযুক্তির ব্যবহারের তথ্য তুলে ধরা হয়।
গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান বলেন, সরকার গুণগত শিক্ষার ওপর গুরুত্ব দিচ্ছে। এটা করা শুধু ব্যয় সাপেক্ষই নয়, দীর্ঘ সময়ের ব্যাপার। এই কাজটি সরকারের একার পক্ষে করা সম্ভব নয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন একসেস টু ইনফরমেশন প্রকল্পের নীতি উপদেষ্টা আনির চৌধুরী বলেন, বর্তমানে মাধ্যমিকে ২০ হাজার ৫০০টি শ্রেণিকক্ষে মাল্টিমিডিয়া চালু করা হয়েছে। এগুলোর মধ্যে পাঁচ হাজার খুবই ভালো চলছে। ১০ হাজার মোটামুটি ভালো। বাকিগুলোর জন্য আরও কাজ করতে হবে।
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফায়জুল কবীর, সেব দ্য চিলড্রেনের পরিচালক (কর্মসূচি ও মান) শ্যারন হাউসার, শিক্ষাবিষয়ক জ্যেষ্ঠ উপদেষ্টা স ম হাবিবুর রহমান, পরিচালক (সেক্টর ডিরেক্টর) এলিজাবেদ পিয়ার্স প্রমুখ বক্তব্য দেন।