শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ৯৯ ভাগের বেশি শিশু বিদ্যালয়ে ভর্তি হচ্ছে। কিন্তু এদের সবাইকে ধরে রাখাই কঠিন কাজ। তবে মূল চ্যালেঞ্জ হলো মানসম্মত শিক্ষা। সেটারই চেষ্টা চলছে।
গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ‘ইয়াং চেঞ্জ মেকারস কোয়ালিশন’ নামে তরুণদের একটি মোর্চার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। ইতিবাচক সামাজিক পরিবর্তনে তরুণসমাজের ভূমিকা পালনের লক্ষ্যে এই মোর্চা গঠন করা হয়। অনুষ্ঠানে মোর্চার সদস্য ১২টি জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে জড়িত শতাধিক তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে পাঁচটি উপদলে ভাগ করা তরুণেরা লিঙ্গবৈষম্য দূর করা, বাল্যবিবাহ বন্ধ করা, যৌন প্রজনন অধিকার, জাতীয় যুবনীতি ও সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণদের নিয়ে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন। তাঁরা জাতীয় নীতিতে তরুণদের মতামত গ্রহণের অনুরোধ জানান।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, মতামত নেওয়া হয় না, এটা ঠিক নয়, এটি একটি প্রচলিত ধারণা। শিক্ষানীতি করার সময় দীর্ঘ সময় ধরে সব পর্যায়ের মানুষের মতামত নেওয়া হয়েছে। সুতরাং অনুমানভিত্তিক বললে চলবে না। এ সময় শিক্ষামন্ত্রী জানতে চান, জাতীয় শিক্ষানীতি কারা কারা পড়েছেন। তখন অনুষ্ঠানে উপস্থিত মাত্র কয়েকজন হাত তোলেন। তখন মন্ত্রী বলেন, ‘না পড়ে বড় মন্তব্য করে দিলেন, এটা ঠিক নয়।’ এ রকম আরও কয়েকটি বিষয়ে সমালোচনা করেন মন্ত্রী।
আয়োজক সংগঠনের একটি সেরাক বাংলাদেশের নির্বাহী পরিচালক এস এম সৈকতের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মহিলা ও শিশুবিষয়ক সচিব নাছিমা বেগম, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুভাষ চন্দ্র সরকার প্রমুখ।
অনুষ্ঠানে আয়োজক সংস্থাগুলো হলো প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ইয়ুথ ফর চেঞ্জ, সেভ দ্য চিলড্রেন, সেরাক বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, ইয়ুথ অ্যালায়েন্স ইন্টারন্যাশনাল, সাইট সেভারস, ভিএসও, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্স, দ্য হাঙ্গার প্রজেক্ট, এসএনভি নেদারল্যান্ডস।