জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী সরকারি ও বেসরকারি উভয় ধরনের বিশ্ববিদ্যালয়কে মানসম্মত শিক্ষার দিকে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন।
গতকাল গুলশানে একটি হোটেলে উচ্চশিক্ষা নিয়ে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এই আহ্বান জানান। ‘দেশের উচ্চশিক্ষার উন্নয়নে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ভূমিকা; চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক এই সেমিনারের আয়োজন করে ইস্টার্ন ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়টির ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
শিরীন শারমিন চৌধুরী বলেন, এখন সবচেয়ে যে বিষয়টি বেশি আলোচনা হচ্ছে, সেটি হলো মানসম্মত শিক্ষা। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়কে মানসম্মত শিক্ষার দিকে মনোযোগী হতে হবে। এই সময়ের (বিশ্ববিদ্যালয় পর্যায়ে) শিক্ষা যেন যথার্থ হয়। স্পিকার আরও বলেন, প্রাইভেট শিক্ষার খরচ বেশি। কিন্তু লক্ষ রাখতে হবে, সেটা যেন সম্পূর্ণভাবে বাণিজ্যিক না হয়ে যায়। এটাকে (বেসরকারি বিশ্ববিদ্যালয়) শুধু লাভজনক প্রতিষ্ঠান হিসেবে না দেখার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশে মেধাবী ছাত্রছাত্রীর অভাব নেই। অভাব হলো তাদের জন্য যথাযথ সুযোগ সৃষ্টি করা।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ভাষার ওপর শিক্ষার্থীদের দক্ষতা কম থাকার কথা উল্লেখ করে ভাষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান; বিশেষ করে মাতৃভাষার ওপর। বিশ্ববিদ্যালয়গুলোতে নতুন জ্ঞান তৈরির আহ্বান জানান তিনি।
সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ মোস্তাফা জব্বার বলেন, প্রচলিত শিক্ষা আজকের দিনে উপযুক্ত মানুষ তৈরি করে না। বর্তমান শিক্ষাব্যবস্থায় এমন অনেক বিষয় পড়ানো হয়, যার প্রয়োজন নেই। আবার বহু বিষয় প্রয়োজন, যা পড়ানো হয় না। বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবুল খায়ের চৌধুরীর সভাপতিত্বে সেমিনারে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুর রব ও সহ-উপাচার্য আবদুল হান্নান চৌধুরী।