মানসম্মত সাংবাদিকতা বহুমুখী ঝুঁকির মধ্যে ঘুরপাক খাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক প্রেস ইনস্টিটিউটের (আইপিআই) নির্বাহী পরিচালক অ্যালিসন বেথেল ম্যাকেঞ্জি বলেছেন, রাজনৈতিক বিষয় প্রাধান্য দেওয়া ও মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে কম প্রতিবেদন করা মানসম্মত সাংবাদিকতার ক্ষেত্রে হুমকিস্বরূপ। জনগণের স্বাস্থ্যসেবা, খাদ্য ও পানি এবং শিক্ষাব্যবস্থা নিয়ে প্রতিবেদন করার ব্যর্থতা মানসম্মত সাংবাদিকতাকে ঝুঁকির মধ্যে ফেলেছে।গতকাল মঙ্গলবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনিশিয়েটিভ (যাত্রী) এবং ইন্টারন্যাশনাল প্রেস ইনস্টিটিউট (আইপিআই) যৌথভাবে ‘মেজর থ্রেটস টু কোয়ালিটি জার্নালিজম: গ্লোবাল অ্যান্ড বাংলাদেশ কনটেক্সট’ শীর্ষক সেমিনারে ঢাকা সফররত ম্যাকেঞ্জি এসব কথা বলেন।আইপিআইয়ের প্রধান বলেন, অর্থনৈতিক ঝুঁকি বেড়ে যাওয়ায় গণমাধ্যম চাঞ্চল্যকর সংবাদ প্রকাশের দিকে ঝুঁকছে। কোনো কোনো ক্ষেত্রে গণমাধ্যম বেপরোয়া হয়ে ওঠে। আর্থিক সংকটের কারণেই কোনো কোনো গণমাধ্যম অর্থের বিনিময়ে প্রতিবেদন করার বিষয়ে অনেক ছাড় দেয়। যাত্রীর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ওই সেমিনারে ম্যাকেঞ্জি মানসম্মত সাংবাদিকতা কত ধরনের ঝুঁকির মধ্যে ঘুরপাক খাচ্ছে তা তুলে ধরেন। তিনি বলেন, অনেক সময় গণমাধ্যম কম বেতনে অনভিজ্ঞ কাউকে নিয়োগ দিতে অভিজ্ঞ প্রতিবেদককে বাদ দেয়। দক্ষিণ-পূর্ব ইউরোপ, এশিয়া ও আফ্রিকার অনেক অঞ্চলে সাংবাদিকদের অনেক কম বেতন দেওয়া হয়। রাশিয়ার কোনো কোনো সংবাদমাধ্যমে প্রতিবেদকেরা এত কম বেতন পান যে সাংবাদিকতার পাশাপাশি তাঁরা খণ্ডকালীন চাকরি করেন। এর ফলে অনেক বিষয়ে তাঁদের সমঝোতা করতে হয়, যা মানসম্মত সাংবাদিকতাকে ঝুঁকির মধ্যে ফেলে।ম্যাকেঞ্জির মতে, মানসম্মত সাংবাদিকতা সাংবাদিকদের প্রশিক্ষণের সঙ্গে সরাসরি জড়িত। অনেক দেশেই এই অবস্থা নেই। বক্তাদের আলোচনায় ঘুরেফিরে সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার এবং মেহেরুন রুনীর নির্মম হত্যাকাণ্ডের প্রসঙ্গ আসে। এই হত্যাকাণ্ডের পেছনের কারণ খুঁজে বের করতে হলে গুণগত মানসম্পন্ সাংবাদিকতার বিকল্প নেই বলেও তাঁরা মত প্রকাশ করেন।সেমিনারে সভাপতিত্ব করেন বৈশাখী টেলিভিশনের প্রধান সম্পাদক মনজুরুল আহসান বুলবুল। বক্তৃতা করেন আইপিআইয়ের জ্যেষ্ঠ প্রেস ফ্রিডম উপদেষ্টা বারবারা ট্রিয়নফি, ফিনানসিয়াল এক্সপ্রেস-এর উপদেষ্টা সম্পাদক জগ্লুল আহমেদ চৌধূরী, প্রেস ইনস্টিটিউটের মহাপরিচালক দুলাল চন্দ্র বিশ্বাস, চ্যানেল আইয়ের বার্তা বিভাগের প্রধান সাইফুল আমিন, যাত্রীর প্রধান নির্বাহী জামিল আহমেদ প্রমুখ।