মানসিক নির্যাতনের শিকার ছাত্রীর আত্মহত্যার চেষ্টা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রথম বর্ষের এক ছাত্রী আত্মহত্যার চেষ্টা করেছেন। তিনি সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিৎসাধীন। অভিযোগ রয়েছে, ছাত্রলীগের নেত্রীদের মানসিক নির্যাতনে অতিষ্ঠ হয়ে তিনি ওই পথ বেছে নেন। তিনিও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত বলে দাবি করেন।
ওই ছাত্রী গতকাল বৃহস্পতিবার বলেন, শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল শাখা ছাত্রলীগের দুই নেত্রী তাঁকে দীর্ঘদিন ধরে মানসিক অত্যাচার করছেন। এঁদের দুজনের চেয়ে তিনি স্নাতকে ভালো ফলাফল করায় ‘ছাত্রদল অপবাদ’ দিয়ে গত সোমবার রাতে তাঁকে কক্ষ থেকে বের করে দেওয়া হয়। তিনি এক সহপাঠীর কক্ষে আশ্রয় নেন। এ ঘটনায় অপমানিত হয়ে তিনি খাওয়াদাওয়া প্রায় ছেড়ে দেন। বুধবার দুপুরে মাত্রাতিরিক্ত ওষুধ সেবন করে আত্মহত্যার চেষ্টা করেন। বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি নাজমুল হক বলেন, হলে সিট দেওয়া বা কাউকে সিট ত্যাগ করতে বলার বিষয়ে ছাত্রলীগের কোনো ভূমিকা নেই। তার পরও অভিযোগ তদন্ত করে দেখা হবে।