মানসিক প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের শিকার, গ্রেপ্তার ১
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মানসিক প্রতিবন্ধী একটি কিশোরী ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় গত মঙ্গলবার রাতে আড়াইহাজার থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ইয়াছিন নামের এক আসামিকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ও এজাহার সূত্রে জানা গেছে, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যা সাতটার দিকে হতদরিদ্র মেয়েটিকে (১৫) গ্রামের বাড়ি থেকে ইয়াছিন, ইমন, তরিকুল, জুবায়ের, নুরুল ইসলাম ও রাব্বি নামের ছয় বখাটে তুলে নিয়ে যায়। ঢাকা-সিলেট মহাসড়কের ছনপাড়া এলাকায় একটি নির্জন জায়গায় নিয়ে তাকে ধর্ষণ করে। পরে সে চেতনা হারিয়ে ফেললে বখাটেরা চলে যায়। একপর্যায়ে এলাকার লোকজন মেয়েটিকে উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়। একটি প্রভাবশালী মহল ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায়। পরে পুলিশ জানতে পেরে মেয়েটিকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য নরসিংদী হাসপাতালে পাঠায়। মঙ্গলবার মেয়েটি বাদী হয়ে ওই ছয়জনের বিরুদ্ধে মামলা করে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ নজরুল ইসলাম বলেন, মঙ্গলবার রাতেই ইয়াছিনকে গ্রেপ্তার করা হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।