মানসিক প্রতিবন্ধীর জমিতে পড়শির নজর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা আবদুর রহমানের মৃত্যুশোকে দশম শ্রেণিতে পড়ার সময় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন হাবিবুর রহমান। তাঁর বয়স এখন প্রায় পঞ্চাশের কাছে, কিন্তু সুস্থ হতে পারেননি। 
তবে বাবার গেন্ডারিয়া এলাকার ৩২ নম্বর এস কে দাস রোডের বাড়িতে পড়ে আছেন হাবিব। সংসার-জীবন না হওয়ায় ঝড়-বৃষ্টি-শীতের মধ্যেও আড়াই কাঠার পৈতৃক ভিটে আঁকড়ে আছেন তিনি। হাবিবের বোনদের অভিযোগ, তাঁদের এই পৈতৃক বাড়িটি দখলে মরিয়া হয়ে উঠেছেন প্রতিবেশী ৩৩ নম্বর এস কে দাস রোডের আহম্মদ আলীর পরিবার।

গেন্ডারিয়ায় নিজের ভাঙা বাড়িতে বসে আছেন হাবিবুর রহমান। ছবি: প্রথম আলো
গেন্ডারিয়ায় নিজের ভাঙা বাড়িতে বসে আছেন হাবিবুর রহমান। ছবি: প্রথম আলো

সরেজমিনে দেখা গেছে, কনকনে শীতের মধ্যে বাড়িতে বসে আছেন হাবিব। যেখানে পানি-বিদ্যুৎ কিছুই নেই। সকালে বোনেদের বাসা থেকে তাঁর খাবার আসে। ভাঙাচোরা আধখোলা ছাদের নিচেই হাবিবের থাকা-খাওয়ার কাজ চলে। সকালের খাবার খেয়ে বাইরে চলে যান তিনি। কখনো একাকী সময় কাটান পাশের ধূপখোলা মাঠে, কখনো রাস্তার মোড়ে আনমনে বিড়বিড় করেন হাবিব। বর্ষার বৃষ্টি, গ্রীষ্মের প্রচণ্ড গরমে একইভাবে তাঁর দিন-রাত কাটে। যেন আলাদা একটি জগতে আছেন হাবিব। একই এলাকায় বসবাসকারী মেজো বোন ফরিদা বেগমই হাবিবের দেখাশোনা করে আসছেন।
ফরিদার দেওয়া তথ্যমতে, ভাইয়ের তিন বেলা খাবার খাওয়ানোসহ ভরণ-পোষণের সবই করতে হয় তাঁকে। ছোট ভাইকে নিজের বাড়ি নিয়ে যেতে বহু চেষ্টা করেছেন তিনি। কিন্তু বাবার বাড়ি ছাড়তে নারাজ হাবিব। অনেকটা মাটি কামড়ে পড়ে আছেন তিনি। ২০০৯ সালে হাবিবের চার বোন তাঁদের পৈতৃক জায়গাটিতে ছয়তলার ভবন নির্মাণের জন্য হিরো ডেভেলপার নামে একটি নির্মাণ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করেন।
ফরিদার অভিযোগ, তাঁদের বাড়ির মালিকানা দাবি করছেন আহম্মদ আলী ও তাঁর পরিবারের লোকজন। হাবিবের চার বোনের বিরুদ্ধে তাঁরা মামলা করেছেন। বোন ফরিদাকে মারধর করেছেন, এমনকি মানসিক ভারসাম্যহীন এই মানুষটির বিছানায় আগুন দেওয়া ঘটনাও তাঁরা ঘটিয়েছেন। ডেভেলপার কোম্পানি বাড়ি ভাঙার পরই নির্মাণকাজে বাধা দেন বলে জানান হাবিবের বোন ফরিদা বেগমসহ পরিবারের অন্য সদস্যরা।

নিজের ভাঙা বাড়ির ভাঙা জানালায় বসে হাবিবুর রহমান। ছবি: প্রথম আলো
নিজের ভাঙা বাড়ির ভাঙা জানালায় বসে হাবিবুর রহমান। ছবি: প্রথম আলো

ফরিদা বেগম দাবি করেন, ‘১০০ বছরের বেশি সময় এই বাড়িতে আমার বাপ-দাদারা বাস করেছেন। কিন্তু ভাইয়ের চিকিৎসা ও দেখাশোনায় প্রচুর অর্থের প্রয়োজন। তা ছাড়া আমাদের পরিবারের সবাই আর্থিকভাবে অসচ্ছল। এ জন্যই বাড়িটি ডেভেলপারের কাছে দিয়েছিলাম।’
ফরিদা বেগমের ভাষ্য, বাড়ি ভাঙার পরই জায়গার মালিকানা দাবি করেন আলী আহম্মদ ও তাঁর ভাইবোনেরা।
ফরিদা বেগম বলেন, ‘পৈতৃক সূত্রে আমরা এর মালিক। আশপাশে আমাদের আত্মীয়দেরও বাড়ি আছে। এখানেই আমরা ভাইবোনেরা থেকে এসেছি। এই জায়গায় আগে তিনটি ঘর ছিল আমাদের। কিন্তু বাড়ির অর্ধেক অংশ ভেঙে ফেলার পর ডেভেলপারদের তাড়িয়ে দেওয়া হয়। তবে আমার ভাই বাসা ছাড়তে চাইছেন না।’
হাবিবের পরিবারের সদস্যদের তথ্যমতে, বাড়ির নির্মাণকাজ বন্ধে আদালত থেকে নিষেধাজ্ঞা জারির আবেদন করেন আলী আহম্মদ। কিন্তু তাঁদের মালিকানা-সংক্রান্ত কোনো দলিল না থাকায় সেই আবেদন আদালত দুইবার খারিজ করে দেন। এর পর হাবিবের বোনকে মারধর করেন আলী আহম্মদ ও তাঁর লোকজন।
গেন্ডারিয়া থানায় বিষয়টির মীমাংসা করারও চেষ্টা চলে। কিন্তু কোনো কিছুই মানতে নারাজ আলী আহম্মদ।
আলী আহম্মদের ভাইয়ের ছেলে জহির উদ্দিন পুরো বিষয়টি দেখাশোনা করছেন। জহির প্রথম আলোকে বলেন, ‘অনেক বছর হাবিবের বাবাকে আমার দাদারা এই জায়গায় থাকতে দিয়েছিল। হাবিবের বোনেরা কৌশলে রেকর্ডে ওদের নাম বসাইছে। এই জায়গা আমাদের।’
২০০৯ সালের পর জায়গাটির মালিকানা কেন দাবি করা হলো—এ প্রশ্নের কোনো সদুত্তর দেননি জহির।
এ ব্যাপারে গেন্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদ আলমের ভাষ্য, বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।
হাবিবের বোন ফরিদা বেগম বলেন, ‘বাড়িটির এই সমস্যা পাঁচ বছর ধরে বয়ে বেড়াচ্ছি। নিজেদের বাড়িতে আমরা থাকতে পারছি না। কোনো কিছুর সমাধানও হচ্ছে না। এভাবে চললে আমার ভাইকে বাঁচাতে পারব না। তাঁর মৃত্যু হলে এর দায় কে নেবে?’