কিশোরগঞ্জে নুরাল মিয়া নামের মানসিক প্রতিবন্ধী এক ব্যক্তি দা দিয়ে কুপিয়ে একজনকে হত্যা ও ছয়জনকে জখম করেছেন। নিহত ব্যক্তির নাম ধীরেন্দ্র দাস (৬০)।
তিনি সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কাচারিপাড়ার বাসিন্দা ছিলেন। গতকাল সোমবার দুপুরে কাচারিপাড়া এলাকায় ওই সাতজন হামলার শিকার হন।
আহত ব্যক্তিদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় তৃপ্তি রানী চক্রবর্তী, বিরু দাস ও রায়হানুল আলমকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, নুরাল (৩০) কালাইহাটি গ্রামের হেলিম মিয়ার ছেলে। কয়েক বছর আগে তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। কিছুদিন ধরে পরিবারের লোকজন তাঁকে পায়ে শিকল পরিয়ে ঘরে আটকে রাখতেন। গতকাল তাঁর শিকল খুলে দেওয়া হয়। এরপর তিনি ঘর থেকে বের হয়ে একটি দা নিয়ে রাস্তায় হাঁটছিলেন। বেলা একটার দিকে ধীরেন্দ্র জমিতে যাচ্ছিলেন। পথে পেয়েই তাঁকে কোপাতে থাকেন নুরাল। এ সময় ধীরেন্দ্রকে উদ্ধারে কয়েকজন এগিয়ে গেলে তাঁদেরও কোপান তিনি। আহত ব্যক্তিদের প্রথমে কিশোরগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে ধীরেন্দ্র মারা যান।
কিশোরগঞ্জ সদর থানার ওসি মীর মোশারফ হোসেন বলেন, নুরাল মানসিক ভারসাম্যহীন। তাঁকে পুলিশি হেফাজতে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।