মানসিক প্রশান্তির জায়গা সিআরবি, একে রক্ষা করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম আলোর উদ্যোগে আয়োজিত ‘সিআরবিতে হাসপাতাল: পরিবেশ ও ঐতিহ্য রক্ষার দায়’ শীর্ষক  ভার্চ্যুয়াল সংলাপে বক্তারা।

শত বছরের ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ সিআরবি এলাকা চট্টগ্রামের মানুষের মানসিক প্রশান্তির জায়গা। এখানে রয়েছে শতবর্ষীসহ শত শত গাছ। আছে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের সমাধি। সিআরবিকে রক্ষা করতে হবে। এ জন্য দলমত–নির্বিশেষে সর্বস্তরের মানুষ এক হয়েছেন। কোনোভাবেই সিআরবিতে হাসপাতাল নির্মাণ করা যাবে না।

আজ বুধবার দুপুরে প্রথম আলোর উদ্যোগে আয়োজিত ‘সিআরবিতে হাসপাতাল: পরিবেশ ও ঐতিহ্য রক্ষার দায়’ শীর্ষক ভার্চ্যুয়াল সংলাপে বক্তারা এসব কথা বলেন।
প্রথম আলোর যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ চৌধুরীর সঞ্চালনায় সূচনা বক্তব্য দেন প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম। তিনি বলেন, সিআরবি রক্ষায় শুধু চট্টগ্রামের বাসিন্দারা নন, সারা দেশের মানুষ সোচ্চার হয়েছেন। সিআরবিতে হাসপাতাল হলে প্রকৃতির জন্য যেমন ক্ষতিকর হবে, তেমনি এই এলাকার ঐতিহ্যও নষ্ট হবে। এখানে প্রচুর গাছগাছালি রয়েছে৷ এসব গাছের মধ্যে অনেকগুলোর বয়স শত বছরের বেশি। তাই পরিবেশ আর ঐতিহ্য ধ্বংস করে হাসপাতাল হোক, তা কেউ চান না। সিআরবি এলাকায় ৫০০ শয্যার হাসপাতাল করা হলে ৫০ হাজার মানুষ অসুস্থ হয়ে পড়বে।

রেলওয়ে সূত্র জানায়, গত বছরের ১৮ মার্চ সিআরবি এলাকায় হাসাপাতাল প্রকল্পের চুক্তি সই ও অনুমোদন হয়। সরকারি-বেসরকারি অংশীদারত্বে (পিপিপি) এসব নির্মাণ করবে ইউনাইটেড এন্টারপ্রাইজ কোম্পানি লিমিটেড নামের বেসরকারি প্রতিষ্ঠান। প্রকল্প বাস্তবায়নের সময় ধরা হয়েছে ১২ বছর। ইতিমধ্যে রেলওয়েকে আট কোটি টাকা পরিশোধ করেছে বেসরকারি প্রতিষ্ঠানটি। ৫০ বছর পর হাসপাতালটি রেলওয়েকে হস্তান্তর করা হবে বলে চুক্তিতে উল্লেখ করা হয়। আর প্রকল্পটি হবে বর্তমান রেলওয়ে হাসপাতাল ও সংলগ্ন খালি জমি, রেলওয়ে হাসপাতাল কলোনি স্টাফ কোয়ার্টারের ছয় একর জমিতে। সম্পাদিত চুক্তি অনুযায়ী এখন চলছে নির্মাণযজ্ঞের প্রস্তুতি।

লেখক ও সাংবাদিক আবুল মোমেন সিআরবি এলাকার ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, অষ্টাদশ শতাব্দীতে এশিয়াটিক সোসাইটির সভাপতি উইলিয়াম জোনস স্বাস্থ্য উদ্ধারের জন্য চট্টগ্রামে এসেছিলেন। এ থেকে প্রতীয়মান হয়, চট্টগ্রাম ছিল স্বাস্থ্য পুনরুদ্ধারের নগর।

একুশে পদকপ্রাপ্ত লেখক আবুল মোমেন বলেন, ১৮৭২ সালে আসাম-বেঙ্গল রেলওয়ে প্রতিষ্ঠিত হয়। এর সদর দপ্তর ছিল সিআরবিতে। সিআরবি এলাকার টিলাগুলোতে ব্যবস্থাপকদের জন্য বাংলো তৈরি করা হয়। আর রেলওয়ে ময়দান বা পলোগ্রাউন্ড মাঠকে ঘিরে রেলের কর্মীদের জন্য আবাসনের ব্যবস্থা করা হয়। তবে ব্রিটিশ স্থপতিরা এই অঞ্চলের ভূপ্রকৃতিকে অক্ষুণ্ন রেখেই এসব স্থাপনা নির্মাণ করেছেন। শুধু তা–ই নয়, এই এলাকার ঐতিহ্য সমৃদ্ধ করেছে। রোপণ করেছেন বিভিন্ন ধরনের গাছ।
নাগরিক জীবনে নির্জনতা ও নৈঃশব্দ্যতার প্রয়োজনীয়তা রয়েছে উল্লেখ করে কবি আবুল মোমেন বলেন, চট্টগ্রামে ঢাকার রমনা, চন্দ্রিমা ও বোটানিক্যাল গার্ডেন কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো সবুজ ও উন্মুক্ত জায়গা নেই। চট্টগ্রাম নগর দিনে দিনে ঘিঞ্জি এলাকায় পরিণত হয়েছে। এখন একমাত্র সিআরবি এলাকা আছে, যেখানে মানুষ ঘুরতে আসেন।

সিআরবি এলাকায় হাসপাতাল, নার্সিং ইনস্টিটিউট এবং মেডিকেল কলেজ হলে এটি জনসমাগমের এলাকায় পরিণত হবে বলে মন্তব্য করেন আবুল মোমেন। তিনি বলেন, সারাক্ষণ অ্যাম্বুলেন্স, বিভিন্ন ধরনের গাড়ি আসা-যাওয়া করবে। ওষুধ, খাবারসহ বিভিন্ন ধরনের দোকান হবে। ফলে এই এলাকার নির্জনতা আর নৈঃশব্দ্য বানচাল হয়ে যাবে। আর সিআরবি শুধু রেলের ফুসফুস নয়, এটি চট্টগ্রামের ৫০ লাখ মানুষের ফুসফুস। তাই এভাবে হাসপাতাল নির্মাণের মাধ্যমে নষ্ট করতে দেওয়া যাবে না।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিআরবিতে হাসপাতাল হবে। হাসপাতালে অসুস্থ মানুষের চিকিৎসা হবে। যারা ওখানে শরীরচর্চা করতে যায়, বিনোদিত হতে যায়, সংস্কৃতির চর্চা করতে যায়,শিশুরা যারা ওখানে খেলে, তাদের পঙ্গু বানিয়ে হাসপাতালে ভর্তি করা হবে। আমরা যদি বৈপরীত্য খেয়াল করতে পারি, তাহলে আমরা বুঝতে পারব যে কতটা ভুলভাবে আমরা এগোচ্ছি। জনমানুষের ব্যবহারের জায়গা হাসপাতাল নির্মাণের জন্য বেছে নেওয়া হয়েছে। এটি কোনোভাবেই কোনো আইন সমর্থন করবে না। তিনি আরও বলেন, হাসপাতাল হওয়ার আগে কি জনগণকে জিজ্ঞাসা করা হয়েছিল যে এখানে তাঁরা হাসপাতাল চান কি না।

যে মানের হাসপাতাল সেখানে হবে, সেখানে কি সবাই গিয়ে চিকিৎসা নিতে পারবে? খরচ কি সবাই বহন করতে পারবে? তা পারবে না। যে হাসপাতাল সাধারণ মানুষ চিকিৎসা পেল কি পেল না, সে হিসাব নেয় না, যে হাসপাতাল মুনাফানির্ভর, সে হাসপাতালের বিরোধিতা করি। করোনা আমাদের শিখিয়ে দিয়ে গেছে, বিপুলসংখ্যক জনগোষ্ঠী স্বাস্থ্যসেবার বাইরে। তাদের সবার স্বাস্থ্যসেবা অবশ্যই নিশ্চিত করতে হবে।
আন্দোলনকারীদের বিষয়ে সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, সিআরবি নিয়ে আন্দোলনকারীদের আবেগ খুবই মূল্যবান। দেশে অনেক দিন পরে একটি ইস্যুতে আওয়ামী লীগ, বিএনপি ও অন্য সব দল ঐক্যবদ্ধ হয়েছে; পাশাপাশি জ্ঞাননির্ভর তথ্য-উপাত্ত দিয়ে আন্দোলন চালিয়ে নেওয়া হচ্ছে। এটি সত্যিই প্রশংসাযোগ্য।

পেশাজীবী সমন্বয় পরিষদের চট্টগ্রাম শাখার সভাপতি এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, ‘পাহাড়-নদী-সাগরের সমন্বয়ে চট্টগ্রাম এক নান্দনিক শহর। কিন্তু প্রতিনিয়ত পাহাড় কাটা, নদী ভরাট ও সাগরের দূষণে এই শহরের সৌন্দর্য নষ্ট হচ্ছে। আমরা এখন দূষণের আগ্রাসনে আছি। জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এর মধ্যে সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ রকম একটা সংবাদের সূত্র ধরে দেড় বছর আগে প্রতিবাদ শুরু হয়েছিল।’ তিনি বলেন, সিআরবি চট্টগ্রামের মানুষের মানসিক প্রশান্তির জায়গা। এখানে চাকসুর প্রথম সাধারণ সম্পাদক শহীদ আবদুর রবসহ ১০ জন শহীদের সমাধি রয়েছে। তাহলে এ রকম ইতিহাস-ঐতিহ্য সমৃদ্ধ এলাকায় হাসপাতাল করা হলে স্বাভাবিকভাবেই চট্টগ্রামের মানুষ ফুঁসে উঠবে। হাসপাতাল যেকোনো জায়গায় করা যাবে, কিন্তু হাজার বছরেও একটা সিআরবি তৈরি করা যাবে না।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ওমর ফারুক বলেন, সম্প্রতি সামাজিক সংগঠন ইফেক্টিভ ক্রিয়েশন অন হিউম্যান ওপিনিয়ন (ইকো) চট্টগ্রামের উদ্ভিদ নিয়ে গবেষণা করে। সিআরবি এলাকাও এ গবেষণায় অন্তর্ভুক্ত ছিল। সিআরবিতে ২২৩ প্রজাতির উদ্ভিদ শনাক্ত হয়েছে। এগুলোর মধ্যে বড় বৃক্ষ ৮৮, গুল্মজাতীয় ৪১, বীরুৎজাতীয় ৭২, লতাজাতীয় ২২, ওষুধি উদ্ভিদ ১৮৩, বিপন্ন প্রজাতির ৯ ও ভবিষ্যতে বিলুপ্ত ৬৬ প্রজাতি উদ্ভিদ পাওয়া গেছে। এখানে শতবর্ষী বৃক্ষের সংখ্যা বেশি নয়। কিন্তু এসব বৃক্ষের নিচে যেসব উদ্ভিদ রয়েছে, তা আরও গুরুত্বপূর্ণ। হাসপাতাল নির্মাণ করা হলে এসব ঔষধি উদ্ভিদ হারিয়ে যাবে। তিনি আরও বলেন, কিছু কিছু উদ্ভিদ প্রাণীরা খুব পছন্দ করে। পাখি, কীটপতঙ্গ বাসা তৈরি করে। গাছগুলো কেটে ফেললে প্রাণীদের বাসা হারিয়ে যাবে। খাদ্যের অভাব দেখা দেবে। সেগুলো একসময় বিলুপ্ত হয়ে যাবে। পাশাপাশি হাসপাতাল হলে গাছপালা কাটা পড়বে। উঁচু ভবন তৈরি হবে। ভবনের কক্ষগুলো শীতাতপ নিয়ন্ত্রিত হবে। ফলে গ্রিনহাউস গ্যাস নির্গমন হবে। কিন্তু এ গ্যাস শোষণ করার মতো গাছপালা থাকবে না। পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়বে।
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের বিভাগীয় প্রধান রাশিদুল হাসান বলেন, উত্তর চট্টগ্রামের মানুষের জন্য অনন্যা আবাসিক এলাকায় একটি বেসরকারি হাসপাতাল হয়েছে। দক্ষিণ চট্টগ্রাম টানেলের মাধ্যমে মূল শহরে সঙ্গে সংযুক্ত হবে। শহরে বেশ কিছু হাসপাতাল রয়েছে। এখন শহরের বুকে ঠিক মাঝখানে আবার নতুন করে একটি হাসপাতাল নির্মাণের চুক্তি হয়েছে। আমাদের ঢাকা শহরের মতো রমনা উদ্যান নেই। আমাদের সিআরবি আছে। তিনি বলেন, একটি হাসপাতাল বা একটি ভবন করলে শেষ হয়ে যায় না। তার আগে এনভায়রনমেন্টাল ইমপেক্ট এসেসমেন্ট করা প্রয়োজন। প্রতিদিন কতসংখ্যক পরিবহন সেখানে আসবে, কয়টি বাস চলবে, অ্যাম্বুলেন্স চলবে, অটোরিকশা চলবে; এ ধরনের কোনো সমীক্ষার কথা আজ পর্যন্ত শোনা যায়নি। সমীক্ষা ছাড়া, পরিবেশ ছাড়পত্র ছাড়া এ হাসপাতাল তৈরি করা হবে। দেশে অসংখ্য মহাপরিকল্পনা হয়েছে।

কিন্তু এসব মহাপরিকল্পনা কখনো নিরীক্ষা করা হয়েছে বলে শোনা যায়নি। রাষ্ট্রের অর্থ খরচ করে মহাপরিকল্পনা তৈরি করা হয়। গাছ লাগালে, পাহাড় সংরক্ষণ করলে বিদ্যুতের অপচয় কমবে। আমরা আমাদের বড় সম্পত্তি যদি একটি বেসরকারি প্রতিষ্ঠানের ওপর তুলে দেযই, তাহলে সেটি আমাদের জন্য বিধ্বংসী হবে।
কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, সিআরবি নিয়ে জনগণের আবেগ খুব গুরুত্বপূর্ণ। সিআরবি হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নিয়ে নানা শ্রেণি-পেশার মানুষ এখন আন্দোলন করছেন। প্রতিদিনই শোভাযাত্রা, প্রদীপ প্রজ্বালন, মানববন্ধন, প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদির আয়োজন হচ্ছে। মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসবে অংশগ্রহণ করছেন। আওয়ামী লীগ, বিএনপিসহ সব দল এখানে ঐক্যবদ্ধ হয়েছে। বিভক্তির কিছু নেই। আওয়ামী লীগের বেশ কিছু নেতাও এখানে এসে বক্তব্য দিয়েছেন। কারও কারও বক্তব্যে বিভ্রান্তি দেখা যাচ্ছে। তাঁরা স্পষ্ট করে কিছু বলতে পারছেন না। রেলের মহাপরিচালক কিছুদিন আগে বলেছিলেন, সিআরবিতে হাসপাতাল হবেই। অবাক হয়ে দেখছি, কিছু রাজনৈতিক নেতৃবৃন্দ একই কথা বলছেন। এটি কাম্য নয়।