মানসিক বিপর্যস্ত নারী কনস্টেবল ঘুরেফিরে কন্যাশিশুকে খুঁজছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মেয়ের সঙ্গে দেখা করানোর কথা বলে আমাকে বাসায় নিয়ে যায়। সেখানে পানি খাওয়ায়। তারপর সবকিছু উল্টাপাল্টা লাগতে শুরু করে। মুখে কী যেন স্প্রে করে দেয়।’
পুলিশে কর্মরত সাবেক স্বামীর মাধ্যমে ধর্ষণের শিকার নারী পুলিশ এভাবেই তুলে ধরেন সেই রাতে তাঁর ওপর পাশবিক নির্যাতন চালানোর কাহিনি।
গতকাল রোববার ওই নারী পুলিশকে নিয়ে তাঁর বড় বোন এসেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। ঘটনার পর থেকেই তাঁর কানে ও গলায় ব্যথা। নারী পুলিশ জানালেন, ধ্বস্তাধ্বস্তির কোনো একসময় কানে থাপড় দেন সাবেক স্বামী। গলায়ও ব্যথা পান তিনি।
কথা শুরুর একটু পরেই প্রতিবেদকের ওপরে খেপে যান। একটু পর আবার বলেন, ‘আপনি কি আমার মেয়েকে আমার কাছে এনে দিতে পারবেন?’
বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত হাসপাতালে নারী পুলিশের কান ও গলার বিভিন্ন পরীক্ষা করানো হয়। এরই ফাঁকে ফাঁকে তাঁর সঙ্গে কথা হয় এই প্রতিবেদকের। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বড় বোন এবং রাজারবাগ পুলিশ লাইনস হাসপাতাল থেকে সঙ্গে আসা দুই নারী পুলিশ সদস্য।
অকারণে তাঁদের ওপরও রেগে যাচ্ছিলেন ওই নির্যাতিত নারী। তবে তাঁর মানসিক অবস্থার কথা চিন্তা করে সবাই সবকিছু মেনে নিচ্ছিলেন। ১১ জুন রাজধানীর খিলগাঁওয়ে এই নারী ধর্ষণের শিকার হন। ফরেনসিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তিনি আদালতে ঘটনার বিবরণ দিেয় জবানবন্দি দিয়েছেন।
১৭ জুন কক্সবাজারের কলাতলী এলাকা থেকে নারী পুলিশের সাবেক স্বামীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল। তবে এখন পর্যন্ত দুই বছর ১১ মাস বয়সী মেয়েকে উদ্ধার করা সম্ভব হয়নি। স্বামী মেয়েকে কোথায় রেখেছেন, তা জানা যাচ্ছে না।
নারী পুলিশ নিজের ব্যাগ খুলে দেড় বছর বয়সে থাকা অবস্থায় তোলা মেয়ের লেমিনেটিং করা একটি ছবি দেখালেন। নিজের লেমিনেটিং করা আরেকটি ছবি দেখিয়ে বললেন, ‘আমি আগে অনেক সুন্দর ছিলাম। আমারে অত্যাচার করতে করতে চেহারার এই হাল করছে।’
নারী ও শিশু নির্যাতন দমন আইনে খিলগাঁও থানায় বাদী হয়ে মামলা করেছেন নারী পুলিশ সদস্যের বড় বোন। তিনি প্রথম আলোকে বলেন, ‘সংসার টিকিয়ে রাখার জন্য বোনকে সব সহ্য করতে বলতাম। আমার বোনের ওপরে যে কত অত্যাচার হয়েছে, তা এখন ওকে দেখে বুঝতে পারছি। ও মানসিকভাবে একেবারেই ভেঙে পড়েছে।’
গতকাল হাসপাতালে গলার পরীক্ষা শেষে বের হয়েই ক্ষোভ প্রকাশ করেন ওই নারী পুলিশ। চিকিৎসককে সমস্যার কথা বলতে বা বোঝাতে পারছিলেন না বলেই তাঁর এ ক্ষোভ। লিফটের সামনে কেন লাইনে দাঁড়াতে হবে, চিকিৎসকের রুমের সামনে কেন এত সময় অপেক্ষা করতে হবে, সেসব নিয়েও অস্থির হয়ে পড়ছিলেন তিনি।
মানসিক অস্থিরতা কমে যাওয়ার একপর্যায়ে বললেন, স্বামীর যৌতুক চাওয়া, শারীরিকভাবে মারধর করা, মানসিক নির্যাতন, মেয়েকে তাঁর কাছ থেকে ছিনিয়ে নেওয়াসহ বিভিন্ন ঘটনায় স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ করেও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সহায়তা পাননি তিনি।
মেয়েকে ফিরে পেতে চাইলে পুলিশের এক নারী কর্মকর্তা তাঁকে বলেছেন, ‘মেয়েকে স্বামী নিয়ে গেছে, ভালোই হয়েছে। তুমি এখন আরেকটা বিয়ে করতে পারবে।’
আদালত বলেছেন, সন্তানের অধিকার বাবার। তাই সে তো বাবার কাছেই থাকবে। তবে পারিবারিক আদালত ১৬ জুন এক আদেশে মেয়েকে মায়ের জিম্মায় দেওয়ার আদেশ দিয়েছেন।
২০১১ সালে পুলিশ স্বামীর সঙ্গে নারী পুলিশের বিয়ে হয়। গত বছরের ১৮ সেপ্টেম্বর তাঁদের তালাক হয়। সাবেক স্বামী খিলগাঁও থানায় সহকারী উপপরিদর্শক (এএসআই) পদে কর্মরত ছিলেন। সম্প্রতি তাঁকে সেখান থেকে পুলিশের স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়নে (এসপিবিএন) বদলি করা হয়। পরে তা বাতিল করে তাঁকে শিল্প পুলিশে বদলি করা হয়।
নারী পুলিশ বলেন, ‘আমার শরীর ও চেহারা নিয়ে বাজে কথা বলত। কথা-কাটাকাটি হলেই স্বামী বলত, ১০০ পুরুষকে দিয়ে নাকি আমাকে ধর্ষণ করাবে। আমার পরিবারকে কথাগুলো বললে সবাই শুধু বলত, কোনোভাবে সংসার টিকিয়ে রাখো।’
গত বছরের ২৮ নভেম্বর পদোন্নতির পরীক্ষার দিন নারী পুলিশের বাবার বাড়ি থেকে মেয়েকে নিয়ে যান তাঁর সাবেক স্বামী।
নারী পুলিশ সদস্য বলেন, চাকরি এবং জমানো সব টাকা দেওয়ার পরও স্বামী চাকরি ছাড়তে বলতেন। বাসার টেলিভিশন, সোফাসেট, স্বামীর জন্য মোটরবাইক নিজের টাকায় কিনে দিতে হয়। জমি কেনার জন্য ১০ লাখ টাকা দাবি করলে অশান্তি চরমে পৌঁছে। পেটে আসার পর সন্তানকে তাঁর স্বামী মেরে ফেলতে চেয়েছিলেন বলেও জানান তিনি।
মানসিকভাবে বিপর্যস্ত ওই নারী পুলিশ জানালেন, ‘ও যদি আমার মেয়েকে ফেরত না দেয়, ওরে আমি ছাড়ব না।’