মানসিক ব্যাধির শূন্যপদে গাইনির চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের প্রসূতি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট সিরাজুন নূরকে ১৩ মাস আগে কক্সবাজারের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়। নতুন কর্মস্থলে যোগ না দিয়ে তদবির করে ২৪ মে তিনি আবার সহকারী অধ্যাপক পদে চট্টগ্রাম মেডিকেলে বদলি হন। বদলির আদেশে লেখা রয়েছে, সিরাজুন নূর গাইনি বিভাগে কাজ করলেও বেতন-ভাতা তুলবেন মানসিক ব্যাধির শূন্যপদের বিপরীতে। এ ছাড়া তাঁর ‘১৩ মাসের কর্মহীন সময়কে যোগদানের জন্য অপেক্ষমাণকাল হিসেবে গণ্য করা হবে’ বলে আদেশে লেখা হয়।সিরাজুন নূরের এই ১৩ মাস সময়কে বৈধ করা নিয়ে প্রশ্ন উঠেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক এ ঘটনাকে নজিরবিহীন উল্লেখ করে অভিযোগ করেন, স্বাচিপের নেতাদের মাধ্যমে টাকার বিনিময়ে এই বদলি ও ১৩ মাসের বৈধতা দেওয়া হয়েছে। এ বিষয়ে জানতে সিরাজুন নূরের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি কোনো কথা বলতে অস্বীকৃতি জানান। বিএমএ চট্টগ্রাম জেলার সভাপতি ও স্বাচিপের আহ্বায়ক শফিউল আজম দাবি করেন, ‘কারও বদলিতে আমাদের হাত নেই। আমরা কেবল সুপারিশ করি। সিরাজুন নূর নিরপেক্ষ চিকিৎসক। প্রশাসনের উচ্চপদে তাঁর আত্মীয় আছেন। তিনি ওই পথে বদলি হন।’ জানা গেছে, এক মাসে বেশ কয়েকজন চিকিৎসক এভাবে বদলি হয়ে চট্টগ্রাম মেডিকেলে এসেছেন। তাঁদের প্রায় সবাই এক বিভাগের শূন্যপদ ব্যবহার করে অন্য বিভাগে নিয়োগ পান। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয় ২৪ মে প্রজ্ঞাপন জারি করে মোট ছয়জন চিকিৎসককে সহযোগী ও সহকারী অধ্যাপক হিসেবে চট্টগ্রাম মেডিকেলের বিভিন্ন বিভাগে বদলি করে। তাঁরা যেসব বিভাগে বদলি হয়েছেন, সেগুলোতে শূন্যপদ নেই। তাই অন্যান্য বিভাগের শূন্যপদের বিপরীতে তাঁদের পদায়ন করা হয়। ফলে ওই সব বিভাগের খালি পদে পদায়নের সুযোগ নেই। এতে দেখা দিয়েছে শিক্ষক ও চিকিৎসকসংকট। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, ‘কিছু শূন্যপদের বিপরীতে অন্য বিভাগের শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। এতে মূল বিষয়গুলোর শিক্ষকের সংকট দেখা দিয়েছে। তাই খালি পদগুলোতে ওই বিভাগের শিক্ষক দিতে আমি মন্ত্রণালয়ে চিঠি দিয়েছি।’জানা গেছে, বদলি হওয়া ছয়জনের মধ্যে ফটিকছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি বিভাগের জুনিয়র কনসালট্যান্ট শিরিন আক্তার খানম চট্টগ্রাম মেডিকেলের গাইনি বিভাগের সহকারী অধ্যাপক হন। তবে গাইনিতে পদ খালি না থাকায় তাঁকে ফার্মাকোলজির সহকারী অধ্যাপকের শূন্যপদে নিয়োগ দেওয়া হয়। জেলা সিভিল সার্জন এম এ তৈয়ব বলেন, ‘ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডা. শিরিন বদলি হওয়ায় সমস্যা হচ্ছে। একইভাবে বোয়ালখালী থেকে জুনিয়র কনসালট্যান্ট তপন ভট্টাচার্য বদলি হওয়ায় সেখানে অস্ত্রোপচার বন্ধ হয়ে গেছে।’প্রজ্ঞাপন অনুযায়ী তপনকে সহকারী অধ্যাপক হিসেবে চট্টগ্রাম মেডিকেলের অ্যানেসথেসিয়া বিভাগে আনা হয়। কিন্তু তিনি বেতন নেন প্যাথলোজি বিভাগের সহকারী অধ্যাপকের শূন্যপদের বিপরীতে। বায়োকেমিস্ট্রির সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগ পাওয়া ডা. নজিবুন নাহার বেতন তোলেন ফিজিওলজির শূন্যপদের বিপরীতে।সালেহ উদ্দিন আহমদ অর্থোপেডিকের সহকারী অধ্যাপক হিসেবে এসেছেন বান্দরবান হাসপাতাল থেকে। অর্থোপেডিকে শূন্যপদ না থাকায় তিনি বেতন তুলবেন কমিউনিটি মেডিসিনের শূন্যপদে। দোহাজারী স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রসূতি ওয়ার্ডের সহকারী অধ্যাপক পদে আসা ডা. নার্গিস রোজেলা বেতন তুলবেন ফিজিওলোজির শূন্যপদে। নার্গিস রোজেলা এ সম্পর্কে বলেন, ‘আমরা যেসব বিভাগের পদের বিপরীতে নিয়োগ পেয়েছি, ওই বিভাগে নতুন শিক্ষক এলে মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে।’ আরেক আদেশে ডা. আবু নাসেরকে মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক করা হয়। তিনি বেতন তুলবেন ফিজিক্যাল মেডিসিনের শূন্যপদে। ডা. এম এ কাশেমকে অ্যানাটমি বিভাগের সহযোগী অধ্যাপকের শূন্যপদ ব্যবহার করে নিয়োগ দেওয়া হয় নেফরোলজি ওয়ার্ডে। একই আদেশে চর্ম ও যৌনরোগ বিভাগের শূন্যপদের বিপরীতে নিশিত রঞ্জন দে-কে নিউরোসার্জারি বিভাগে নিয়োগ দেওয়া হয়।