নিষেধ সত্ত্বেও শারীরিক প্রতিবন্ধী সন্তানকে নিজ কর্মস্থল রংপুরের কাউনিয়া উপজেলার মোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ে নিয়ে গিয়েছিলেন জ্যেষ্ঠ সহকারী শিক্ষক শাহনাজ খানম (৩৯)। আর এতে ক্ষুব্ধ হয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী ওই শিক্ষককে অকথ্য ভাষায় গালাগাল করেন বলে অভিযোগ পাওয়া গেছে।গত বুধবারের এ ঘটনার দুই দিন পর শুক্রবার বিকেলে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন ওই শিক্ষক। তাঁকে ভর্তি করা হয় রংপুর শহরের বেসরকারি একটি হাসপাতালে। এ ব্যাপারে তাঁর স্বামী লালমনিরহাট জেলার বড়বাড়ী ডিগ্রি কলেজের প্রভাষক আক্তারুজ্জামান গত রোববার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলীর বিরুদ্ধে কাউনিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। একই দিন তিনি বিদ্যালয়ের সভাপতি ও কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেনের কাছেও লিখিত অভিযোগ করেন। গতকাল সোমবার সকালে শহরের ডক্টরস হাসপাতালে গিয়ে দেখা যায়, শিক্ষক শাহনাজ অপরিচিত কাউকে দেখলেই চিৎকার করছেন আর বলছেন, ‘আমি বিদ্যালয়ে যাব না। ওই মানুষের (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) সামনে আমাকে নিয়ে যেও না। উনি খুব খারাপ।’ এমন কথা বলতে বলতে তিনি নিস্তেজ হয়ে পড়েন। কিছুক্ষণ পর আবার অবাক হয়ে তাকিয়ে থাকেন। শাহনাজের পাশে থাকা তাঁর স্বামী আখতারুজ্জামান বলেন, ‘২০০০ সাল থেকে শাহনাজ মোফাজ্জল হোসেন উচ্চবিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণীর বাংলা ও সমাজবিজ্ঞান বিষয়ে পড়াচ্ছে। আমাদের দুই সন্তানের মধ্যে ছয় বছরের এক ছেলে শারীরিক প্রতিবন্ধী। সে একা চলতে না পারায় শাহনাজকে তাকে নিয়ে বিদ্যালয়ে যায় এবং ক্লাস নেওয়ার ফাঁকে খাওয়ায়। আক্তারুজ্জামান বলেন, ‘গত বুধবার পঞ্চম ঘণ্টার পর শাহনাজ শিক্ষক রুমে বসে ছেলেকে খাওয়ানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এসে বলেন বিদ্যালয়, সন্তানদের খাওয়ানোর জায়গা নয়।’ একপর্যায়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উত্তেজিত হয়ে শাহনাজকে অকথ্য ভাষায় গালাগাল করেন বলে তিনি অভিযোগ করেন।ওই দিন বাড়িতে ফিরে শাহনাজ স্বামীকে পুরো ঘটনা বলেন এবং কান্নাকাটি করেন। বন্ধ করে দেন খাওয়া-দাওয়া। পরদিন বিদ্যালয়েও যাননি তিনি। শুক্রবার বিকেলে আক্তারুজ্জামান শাহনাজকে শনিবার থেকে বিদ্যালয়ে যাওয়ার অনুরোধ করেন। শাহনাজ আবার প্রধান শিক্ষকের গালিগালাজের কথা বলতে বলতে মাথা ঘুরে পড়ে যান। একপর্যায়ে অসংলগ্ন কথাবার্তা বলতে থাকেন। কাউকে চিনতে পারছিলেন না। রাতেই তাঁকে শহরের ওই হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর চিকিৎসা করছেন রংপুর মেডিকেল কলেজের মানসিক বিভাগের চিকিৎসক জোতির্ময় রায়। জোতির্ময় রায় প্রথম আলোকে জানান, ‘কারও কোনো কথায় শিক্ষক শাহনাজ প্রচণ্ড আঘাত পেয়েছেন বলে মনে হচ্ছে। তাঁর অবস্থা শঙ্কামুক্ত নয়।’ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ইয়াকুব আলী শিক্ষিকার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘শাহনাজকে ক্লাসে যেতে বলেছিলাম এবং বিদ্যালয়ে প্রতিবন্ধী সন্তানকে আনতে বারণ করেছিলাম। এর বেশি কিছু বলিনি।’ওই বিদ্যালয়ের শিক্ষক মো. মোস্তফা জানান, ‘ঘটনার সময় অন্য কোনো শিক্ষক ওই কক্ষে ছিলেন না। তবে গালাগালের বিষয়টি শুনেছি। ঘটনাটি দুঃখজনক।’বিদ্যালয়ের সভাপতি ইউএনও আনোয়ার হোসেন বলেন, ঘটনাটি তদন্তে কাউনিয়া মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রেবেকা খাতুনকে দায়িত্ব দেওয়া হয়েছে। শিক্ষা কর্মকর্তা রেবেকা খাতুন বিষয়টি খতিয়ে দেখবেন বলে প্রথম আলোকে জানিয়েছেন।