বান্দরবানের সদর উপজেলায় গতকাল রোববার তুফান তঞ্চঙ্গ্যা নামের মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির দায়ের কোপে এক নারীসহ দুজন খুন হয়েছেন। পরে এলাকাবাসীর পিটুনিতে তুফানের মৃত্যু হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, বান্দরবান শহর থেকে প্রায় ১২ কিলোমিটার দূরে রাজবিলা ইউনিয়নের বাঘমারার (জামছড়ি) রাজেন্দ্র তঞ্চঙ্গ্যা পাড়ার মানসিক ভারসাম্যহীন তুফানের দায়ের কোপে গতকাল ভোরে মহেন্দ্র চাকমা (৭০) ও চিত্তবি তঞ্চঙ্গ্যা (৪৫) খুন হয়েছেন। এ ছাড়া তুফানের মা কাজলরেখা তঞ্চঙ্গ্যা আহত হন। তাঁকে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।ওই পাড়ার বাসিন্দা নয়ন তঞ্চঙ্গ্যা ও রূপচান তঞ্চঙ্গ্যা জানান, তুফান ছোটবেলা থেকে মানসিক ভারসাম্যহীন। এ কারণে তাকে বাড়িতে বেঁধে রাখা হতো। গতকাল ভোরে বাড়ির লোকজনের অজান্তে সে বাঁধন খুলে ফেলে। পরে সে বাড়ির একটি দা দিয়ে প্রথমে তার মাকে মাথায় কুপিয়ে জখম করে। এরপর একটি গরুকেও কোপায়। এ সময় তুফান দৌড়ে বাজারে যাওয়ার পথে মহেন্দ্র চাকমাকে সামনে পেয়ে তাকে কুপিয়ে কয়েক টুকরো করে ফেলে। তাঁকে হত্যার পর দৌড়ে গিয়ে চিত্তবি তঞ্চঙ্গ্যাকে কোপাতে থাকে। চিত্তবিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। পরে ক্ষুব্ধ এলাকাবাসী তুফানকে ধরে পিটুনি দেয়। এতে সেও মারা যায়।