মানসিক রোগীদের সঙ্গে বন্ধুর মতো আচরণের আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসিক রোগে আক্রান্ত রোগীদের অবহেলা না করে তাঁদের সঙ্গে বন্ধুর মতো আচরণ করা উচিত। এতে তাঁদের মানসিক কষ্ট অনেকাংশে লাঘব হয়। গতকাল শনিবার রাজধানীর বনশ্রীতে মানসিক রোগীর অধিকার সংরক্ষণে নারী উন্নয়ন শক্তি (নাস) কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় বক্তারা এই আহ্বান জানান।
ফোরাম ফর কালচার অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট এবং ফাতেমা কামাল ফাউন্ডেশনের সহায়তায় নাস সেন্টারে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীদের জন্য সচেতনতামূলক এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন নাসের সভাপতি সুফিয়া বেগম। সভায় নাসের নির্বাহী পরিচালক আফরোজা পারভীন বলেন, মানসিক রোগীদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করা উচিত। আর মানসিক রোগীদের অধিকার সংরক্ষণে সরকার ও বেসরকারি সংস্থাগুলোকে এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।
সভায় সিজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগী এবং অভিভাবকেরাও অভিজ্ঞতা বিনিময় করেন। এক সিজোফ্রেনিয়া আক্রান্ত রোগীর মা সাজেদা বেগম মানসিক রোগীর অধিকার সংরক্ষণে সরকারি পৃষ্ঠপোষকতা বাড়ানো এবং তাঁদের জন্য মাসিক ভাতা বরাদ্দের জন্য প্রধানমন্ত্রীর কাছে দাবি জানান। বিজ্ঞপ্তি।