বিশ্বব্যাপী প্রতি ১০ জনে অন্তত একজন কোনো না কোনো মানসিক রোগে ভুগছে। কিন্তু স্বাস্থ্য খাতের মোট জনশক্তির মাত্র ১ শতাংশ নিয়োজিত আছে এ রোগের চিকিৎসায়। দরিদ্র দেশগুলোয় প্রতি এক লাখে একজন মনোচিকিৎসক আছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বৈশ্বিক মানচিত্র ২০১৪-তে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
১৪ জুলাই প্রকাশিত প্রতিবেদনে আরও বলা হয়, বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যসেবায় খরচ করা হচ্ছে সবচেয়ে কম অর্থ। দরিদ্র ও মধ্যম আয়ের দেশগুলোয় প্রতিটি মানসিক রোগের চিকিৎসায় একজন রোগীর পেছনে বছরে দুই ডলারেরও কম খরচ হয়। মানসিক রোগের চিকিৎসায় দেশগুলো যে খরচ করছে, তার বড় অংশই যাচ্ছে হাসপাতালে। কিন্তু হাসপাতাল পর্যন্ত পৌঁছাতে পারছে খুবই কমসংখ্যক রোগী।
তবে ধনী দেশগুলোয় একজন রোগীর পেছনে গড়ে বছরে খরচ হয় ৫০ ডলারের বেশি। এ দেশগুলোর হাসপাতালে মানসিক রোগের চিকিৎসায় থাকা বিছানার সংখ্যা বেশি, রোগী ভর্তির হারও বেশি। মানসিক রোগী খুঁজে বের করার কাজটি যাঁরা করে থাকেন বা প্রাথমিক পরিচর্যা দিয়ে থাকেন যাঁরা, তাঁদের সংখ্যা এখনো কম। ২০১১ সালের তুলনায় এই সংখ্যা ৩৫ শতাংশ বাড়লেও ধুঁকছে দরিদ্র ও মধ্য আয়ের দেশগুলো।